দীর্ঘদিনের বেতন বকেয়া, কিংস ছাড়ার ঘোষণা কিউবা মিচেলের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ০১:৪১ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
গেল মৌসুমেও সান্ডারল্যান্ডের যুব দলে খেলেছেন কিউবা মিচেল। সেখান থেকে তার সরাসরি কিংসে চলে আসাটা বিস্ময়ের জন্ম দিয়েছিল। তবে এই যাত্রাটা খুব বেশি বড় হলো না। এক মৌসুম কাটানোর আগেই কিংসের সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের এই ফুটবলার।
আজ ফেসবুকে পোস্ট করা এক বিবৃতিতে তিনি জানান, দীর্ঘদিনের বকেয়া বেতন পরিশোধ না হওয়াই এই সিদ্ধান্তের মূল কারণ। তিনি বলেন, ‘আজ আমি বকেয়া বেতন পরিশোধের বিষয়টি সামনে রেখে কিংসের সঙ্গে আমার চুক্তি শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। এটিই ছিল আমার সিদ্ধান্তের প্রধান কারণ।’
একই সঙ্গে তিনি জানান, নানা সমস্যা অমীমাংসিত থাকায় এমন পরিবেশে খেলা মানসিক ও শারীরিকভাবে কঠিন হয়ে উঠেছিল।
বিদায় বার্তায় কিউবা মিচেল বাংলাদেশি ফুটবলের ভবিষ্যৎ নিয়েও কথা বলেন। তিনি বলেন, ‘বাংলাদেশি ফুটবল আরও ভালো কিছু পাওয়ার যোগ্য। খেলোয়াড়দের জন্য ভালো কাঠামো ও ন্যায্যতা দরকার।’
মিচেল বলেন, যে সময়টা কিংসে কাটিয়েছেন, সেটা অল্প হলেও তা ছিল গুরুত্বপূর্ণ। তিনি বাংলাদেশে এসে এখানকার জীবনধারা, সংস্কৃতি ও মানুষের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছিলেন।
তার ভাষায়, ‘আমি কিছু দারুণ সতীর্থ ও সমর্থকের সঙ্গে পরিচিত হয়েছি। তারা আমাকে আপন করে নিয়েছে। তারা আমাকে আবার মনে করিয়ে দিয়েছে, কেন আমি এই খেলাটাকে ভালোবাসি।’
তিনি দাবি করেন, পুরো সময়জুড়ে তিনি পেশাদার আচরণ বজায় রেখেছেন এবং ক্লাবের জার্সির প্রতি সম্মান দেখিয়েছেন।
একই সঙ্গে তিনি অন্য খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তার মতে, বেতন না পাওয়া বা প্রতিশ্রুতি ভাঙার কারণে কোনো খেলোয়াড়ের নীরবে কষ্ট পাওয়া উচিত নয়। শেষ পর্যন্ত তিনি জানান, কোনো তিক্ততা ছাড়াই তিনি নতুন পথে এগিয়ে যেতে চান।
