|
ফলো করুন |
|
|---|---|
বিপিএলের শিরোপা জয়ে এক পাকিস্তানি ব্যাটসম্যানের দিকে তাকিয়ে রয়েছে পুরো চট্টগ্রামবাসী। প্রথমবার শিরোপা জয়ের স্বাদ পেতে ১৭৫ রানের টার্গেট তাড়ায় ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় চট্টগ্রাম রয়েলস।
দলের ব্যাটিং বিপর্যয়ে ইনিংসের শুরু থেকেই হাল ধরে রাখেন মিরাজ বেগ। পাকিস্তানি এই ওপেনার ব্যাটিংয়ে থাকায় ভরসা পেয়েছিলেন দর্শকরা।
কিন্তু মিরাজ বেগ শেষ পর্যন্ত ভক্ত-সমর্থকদের আস্থার জবাব দিতে পারেননি। ১১.৩ ওভারে দলীয় ৯২ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন। হাসান মুরাদের তৃতীয় শিকার হওয়ার আগে ৩৬ বলে দুই চার আর এক ছক্কায় ৩৯ রান করে মিরাজ বেগ।
আসলে সুযোগ সব সময় আসে না। চট্টগ্রাম এনিয়ে তিনবার বিপিএলের শিরোপা জয়ের সুযোগ পেল। অতীতে দুইবার ফাইনালে খেললেও শিরোপার স্বাদ পায়নি চট্টগ্রাম। এবারও ট্রফি জয়ের সুযোগ হাতছাড়া করল তারা।
শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের ফাইনালে প্রথমে ব্যাট করে তানজিদ হাসান তামিমের রেকর্ড গড়া সেঞ্চুরিতে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান করে রাজশাহী।
ক্রিস গেইল ও তামিম ইকবালের পর বিপিএল ফাইনালে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি হাঁকালেন তানজিদ।
এর আগে ২০১৭ সালে রংপুর রাইডার্সের হয়ে গেইল ও ২০১৯ সালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে তামিম সেঞ্চুরি করেছিলেন।
বাংলাদেশ জাতীয় দলের তারকা ওপেনার তানজিদ হাসান তামিম আজ বিপিএল ফাইনালে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে ৬১ বলে ৬টি চার আর ৭টি ছক্কার সাহায্যে ১০০ রানের ইনিংস খেলেন।
এদিন টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে রাজশাহী। ইনিংস ওপেন করতে নেমে দলকে উড়ন্ত সূচনা উপহার দিয়েছেন দুই ওপেনার শাহিবজাদা ফারহান ও তানজিদ হাসান তামিম। ওপেনিং জুটিতে ১০.২ বলে ৮৩ রানের পার্টনারশিপ গড়েন।
৩০ বলে দুই চার আর এক ছক্কায় ৩০ রান করে সাজঘরে ফিরেন পাকিস্তানি ওপেনার শাহিবজাদা ফারহান।
দলকে শুরু থেকেই এগিয়ে নেন বাংলাদেশ দলের তারকা ওপেনার তানজিদ হাসান তামিম। ২৯ বলে ৬টি ছক্কার সাহায্যে গড়েছেন ফিফটি। পরের ৩১ বলে পঞ্চশপূর্ণ করে বিপিএল ফাইনালে সেঞ্চুরির রেকর্ড গড়েন তানজিদ। তবে বিপিএলে এটা তার তৃতীয় সেঞ্চুরি।
৬১ বলে সেঞ্চুরি করার পর নিজের ইনিংসটা লম্বা করতে পারেননি তানজিদ। ১৮.৫ ওভারে দলীয় ১৬৩ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন এই ওপেনার। এরপর শেষ ৭ বলে ১১ রান সংগ্রহ করতে রাজশাহী হারায় অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উইকেট।
রাজশাহীর হয়ে ১০০ রান করেন তানজিদ। ৩০ রান করেন শাহিবজাদা ফারহান। ১৫ বলে ২৪ রান করেন কেন উইলিয়ামস। ইনিংসের শেষ দিকে ব্যাট করতে নেমে ৭ বলে ১১ রান করে ফেরেন নাজমুল হোসেন শান্ত।
চট্টগ্রামের হয়ে দুটি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম।
