উজবেকিস্তান ম্যাচের আগে বাংলাদেশের সামনে যে সমীকরণ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১১:২২ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
এএফসি নারী এশিয়ান কাপ অস্ট্রেলিয়া ২০২৬-এর গ্রুপ বি-তে সোমবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও উজবেকিস্তান। পার্থ রেক্টাঙ্গুলার স্টেডিয়ামে এই ম্যাচ হবে।
দুই দলই আগের দুটি ম্যাচ হেরেছে। তবু আজকের এই ম্যাচটি দুই দলের কাছেই অনেক গুরুত্বপূর্ণ। জিততে পারলে তৃতীয় স্থানের সেরা দল হিসেবে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকবে।
এএফসি এশিয়ান কাপের শীর্ষ আটটি দল যাবে কোয়ার্টার ফাইনালে। অর্থাৎ তিন গ্রুপের দুটির তৃতীয় স্থান অর্জন করা দলও যাবে শেষ আটে। যার ফলে সবার আগে পয়েন্ট তালিকার তিনে থাকা জরুরি।
বাংলাদেশ এখন আছে বি গ্রুপের চতুর্থ স্থানে। দুই ম্যাচে দলটি হজম করেছে ৭ গোল। ওদিকে উজবেকিস্তানও দুই ম্যাচ হেরেছে, দুই ম্যাচে সমান ৩টি করে গোল খেয়েছে তারা।
তবে দুই দল তাকিয়ে ছিল এ গ্রুপের দিকে। নিজেদের শেষ ম্যাচে ফিলিপাইন ও ইরান মুখোমুখি হয়েছিল গত ৮ মার্চ। সেই ম্যাচে ইরান জিতলে বা ড্র করলে কাজটা সহজ হতো বাংলাদেশের। কিন্তু ম্যাচটা ফিলিপাইন জিতে গেছে ২-০ গোলে। যার ফলে কাজটা কঠিনই হয়ে গেছে দলের।
ফিলিপাইনের গোল ব্যবধান এখন -২। ওদিকে বাংলাদেশের গোল ব্যবধান এখন -৭। শেষ আটে যেতে হলে এই ফিলিপাইনকেই টপকে যেতে হবে দলের। সেজন্যে আজ উজবেকদের জালে অন্তত ৫ গোল জড়াতে হবে বাংলাদেশকে। সেক্ষেত্রে দুই দলের গোল ব্যবধান এক হলেও গোল বেশি করার কারণে বাংলাদেশ চলে যাবে শেষ আটে। প্রায় একই সমীকরণ উজবেকদেরও। পরের রাউন্ডে যেতে হলে ৪ গোল করতে হবে তাদের।
