সৌম্যকে কেন এক ম্যাচেও খেলানো হয়নি, ‘ব্যাখ্যা’ দিলেন মিরাজ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১০:২০ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সবশেষ সিরিজের শেষ ম্যাচটাও এমন ‘ফাইনালে’ পরিণত হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেবার সৌম্য সরকারের ৯১ রানের ইনিংসে কাজটা সহজ হয়ে গিয়েছিল বাংলাদেশের। তিনিই বনেছিলেন ম্যাচসেরা। এর পরের সিরিজে একটা ম্যাচও খেলা হলো না তার!
প্রথম দুই ম্যাচে সাইফ হাসান ব্যর্থ হয়েছেন। দুই ইনিংসে সব মিলিয়ে ২০ রানও করতে পারেননি। তৃতীয় ম্যাচে সাইফের জায়গায়, বা নিদেনপক্ষে রোটেশন পলিসির ভিত্তিতে হলেও তাকে সুযোগ দেওয়া হবে, এমনটাই ধারণা করা হয়েছিল। তবে শেষ ম্যাচেও সৌম্য সরকার সুযোগ পাননি।
বিষয়টা নিশ্চিত হয়ে গিয়েছিল আগের রাতেই। সে কারণেই হয়তো, সৌম্য গত শনিবার রাতে একটা ছবি পোস্ট করেছিলেন, যেখানে তিনি দাঁড়িয়ে আছেন মাঠের বাইরে, পানি হাতে অপেক্ষা করছেন। পুরো সিরিজে এই ভূমিকাই পালন করতে হয়েছে তাকে।
তাকে কেন রাখা হলো না, তার একটা ‘ব্যাখ্যা’ দাঁড় করানোর চেষ্টা করেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি বলেন, ‘সৌম্যর বিষয় ছিল- আমরা দেখেছি বেশ কিছু দিন ধরে ও ছন্দে ছিল না। ঘরোয়া ক্রিকেট দেখেন, ছন্দে ছিল না। আমি অনেক খুশি, সৌম্য যেভাবে পরিশ্রম করেছে। আমি অনেক খুশি এজন্য যে সর্বশেষ সিরিজে অনেক ভালো খেলেছে। তবে আমাদের প্ল্যান ছিল ভিন্ন।’
সাইফ আর তানজিদ হাসান তামিমকে সুযোগ দিয়ে ফর্মে ফেরানোর ভাবনা থেকেই টানা তিন ম্যাচে তাদেরকে ওপেন করতে পাঠানো হয়েছে, জানান মিরাজ। তিনি বলেন, ‘যেহেতু একটু স্ট্রাগল করেছে। তানজিদ তামিম সর্বশেষ সিরিজে খেলেনি, সৌম্য ও সাইফ ব্যাট করেছে। আমাদের প্ল্যান ছিল, যেহেতু কম ছন্দে আছে, তামিম ও সাইফকে দিয়ে ওপেন করাব। অনেক সহজ হতো আমাদের জন্য।’
মিরাজ আরো জানান, মূলত ‘পরের সিরিজ’ ভাবনায় রেখে সাইফকে সুযোগ দেওয়া হয়েছে, সৌম্যকে দেওয়া হয়নি, ‘আজ হয়ত সাইফকে বাদ দিতে পারতাম। কিন্তু আমাদের প্ল্যান ছিল, যেহেতু দুটি ম্যাচ ওরা খেলেছে, ওদের আইডিয়া অনেক ভালো এই উইকেটে। আজ সৌম্য খারাপ খেললে ওর জন্যও চাপ হতো, সাইফের জন্যও চাপ হতো। তাহলে পরের সিরিজে আমরা কী করতাম?’
তবে সৌম্য যে সুযোগ পাবেন, সেটা নিশ্চিত করলেন মিরাজ, ‘একটা ব্যাটারকে পর্যাপ্ত সুযোগ দেওয়া উচিত। যে জিনিসটা আমরা করেছি। তখন নিজে থেকে বুঝতে পারবে। সৌম্য যখন আবার খেলবে, সে-ও সুযোগ পাবে। এমন না একটা খেলেই বাদ পড়ে যাবে। পর্যাপ্ত সুযোগ পাবে। গতবার তিন ম্যাচেই সুযোগ দিয়েছি, তামিমকে খেলাইনি। আমাদের পরিকল্পনা এমন। কেউ সুযোগ পেলে যেন ৩-৪ ম্যাচ সুযোগ পায়, নিজেকে মেলে ধরতে পারে।’
