ধোনিকে শর্তসাপেক্ষে একাদশে রাখছেন ডি ভিলিয়ার্স
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১২:৫৬ পিএম
এবারও আইপিএল মাতাবেন ধোনি। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
চেন্নাই সুপার কিংসের (সিএসকে) হয়ে এবারও আইপিএল খেলবেন সাবেক জাতীয় দলের অধিনায়ক মাহেন্দ্র সিংহ ধোনি। প্রতিযোগিতার সব ম্যাচে তার খেলা অবশ্য নিশ্চিত নয়। সিএসকের সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন, ধোনির খেলা নিয়ে সিদ্ধান্ত নেবেন দলের কোচ ও সাপোর্ট স্টাফরা। ধোনির ওপর আর আস্থা রাখতে পারছেন না এবি ডি ভিলিয়ার্স। আসন্ন আইপিএলে চেন্নাইয়ের প্রথম একাদশে শর্তসাপেক্ষে ধোনিকে রাখার কথা বলেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এ ব্যাটার।
ধোনির বয়স এখন ৪৪। আগের মতো পারফর্ম করতে পারেন না। উইকেট রক্ষার ক্ষিপ্রতা যেমন কমেছে, ঠিক তেমনই ধার কমেছে ব্যাটিংয়ের। অভিজ্ঞতা এবং কিছুটা ফিটনেস সম্বল করে খেলে চলেছেন তিনি। গত মৌসুমে ব্যাট হাতে চেন্নাইকে তেমন সাহায্য করতে পারেননি ধোনি। অধিকাংশ ম্যাচেই তাকে ব্যাটিং অর্ডারের ক্রমশ পিছিয়ে দেওয়া হয়েছিল। খুচরা রান নেওয়ার ক্ষেত্রেও আগের চেয়ে অনেক মন্থর হয়ে গেছেন ধোনি। জনপ্রিয়তা অটুট থাকলেও ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশাপূরণ করতে পারছেন না সাবেক এ জাতীয় দলের অধিনায়ক।
এ বিষয়ে পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে দক্ষিণ আফ্রিকান দলের সাবেক ক্রিকেটার ডিভিলিয়ার্স বলেছেন, চেন্নাই এখন একটা ব্র্যান্ড। দলকে ব্র্যান্ড করে তোলার ক্ষেত্রে ধোনির বড় ভূমিকা রয়েছে। কিন্তু ক্রিকেটার ধোনির যা পরিস্থিতি, তাতে নিচের দিকে ব্যাট করতে যাওয়ার কোনো মানে হয় না।
তিনি বলেন, গত বার আট-নয় নম্বরে ব্যাট করতে নেমে কিছু করতে পারেনি। আমার মতে— ধোনিকে খেলালে অন্তত পাঁচ-ছয় নম্বরে ব্যাট করতে পাঠানো উচিত। ও এখন অধিনায়ক নয়। চার থেকে ছয় নম্বরের মধ্যে নেমেও যদি রান করতে না পারে, তা হলে ধোনিকে প্রথম একাদশের বাইরে রাখা উচিত বলেও মনে করেন ডি ভিলিয়াস।
সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার বেছে নিয়েছেন সাবেক এ দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। বন্ধু বিরাট কোহলি, ক্রিস গেইল কিংবা রশিদ খানকে সেরার তালিকায় নাম রাখেননি তিনি। সর্বকালের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হিসাবে বেছে নিয়েছেন জাসপ্রিত বুমরাহকে। ডিভিলিয়ার্স বলেন, আমার উত্তরে বিতর্ক তৈরি হতে পারে। কিন্তু আমার দৃষ্টিতে জাসপ্রিত বুমরাহই সেরা। যদিও আমার বিরুদ্ধে বল করেনি কখনো।
বুমরাহকে সেরা বেছে নেওয়ার কারণ হিসাবে তিনি আরও বলেন, শুধু ধারাবাহিকতার জন্যই ও সেরা। ২০ ওভারের ক্রিকেটে যে কোনো পরিস্থিতিতে বল করতে পারে। উইকেট নিতে পারে। বিপক্ষকে চাপে ফেলতে পারে। নতুন বল, পুরোনো বল ও সুপার ওভার— সব জায়গায় বুমরাহ স্বচ্ছন্দ। ওর হাতে বল তুলে দিলে ও ম্যাচ জিতিয়ে দিতে পারে। তাই আমার মতে বুমরাহই সেরা।
