Logo
Logo
×
   

খেলা

বকেয়া না মেটালে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে কঠোর পদক্ষেপ নেবে বিসিবি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০২:৩৩ এএম

বকেয়া না মেটালে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে কঠোর পদক্ষেপ নেবে বিসিবি

শেষ বিপিএলের বকেয়া টাকা এখনও ঢাকার ক্রিকেটাররা পাননি। অনেক খেলোয়াড়ই টাকা না পাওয়ার বিষয়টি নিয়ে অভিযোগ করেছেন। এবার এই বিষয়ে মুখ খুলেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। তিনি জানিয়েছেন, ঢাকার বকেয়া এখনও তিন কোটি টাকার বেশি।

এক মন্তব্যে মিঠু বলেন, ‘আমাদের চুক্তি অনুযায়ী, ২৫ শতাংশ খেলোয়াড়দের ম্যাচ শুরুর আগে, ৫০ শতাংশ চলাকালীন সময়ে এবং বাকি ২৫ শতাংশ ৪৫ দিনের মধ্যে দেওয়ার কথা ছিল। সব দল তাদের অংশ পরিশোধ করেছে, কিন্তু ঢাকা ক্যাপিটালস এখনো দেয়নি। খেলোয়াড়রা অভিযোগ করছে এবং আমি ম্যানেজমেন্টকে বার্তা দিয়েছি, যদি তারা খেলোয়াড়দের সামনে আসে, তবে আমরা আলোচনা করে সমস্যা সমাধান করতে পারব।’

মিঠু আরও জানান, ‘ফেব্রুয়ারির ২৭ তারিখে আমরা ঢাকার ম্যানেজমেন্টকে চিঠি দিয়েছিলাম এবং ১৫ দিনের মধ্যে খেলোয়াড়দের পাওনা পরিশোধের অনুরোধ করেছিলাম। অন্য দলগুলো তাদের পাওনা পরিশোধ করেছে এবং আমরা সেই টাকা তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করেছি, কিন্তু ঢাকা এখনো কোনো ব্যবস্থা নেয়নি।’

মিঠু বলেন, ‘এখন ৬০ দিন হয়ে গেছে এবং আমরা আর অপেক্ষা করতে পারব না। এই সপ্তাহের মধ্যে আমরা পদক্ষেপ নেব।’

তিনি জানান, ‘ঢাকা ক্যাপিটালসের কাছে ৫ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি ও চেক রয়েছে। যদি তারা টাকা না দেয়, তবে আমরা অন্য পথ অবলম্বন করব। তবে খেলোয়াড়দের টাকা নিরাপদ থাকবে। ব্যাংক গ্যারান্টির সময়সীমা ১৫ মে পর্যন্ত এবং আরও কিছু সময় রয়েছে।’

মিঠু আরও জানান, ‘খেলোয়াড়রা আগে জানায়নি যে তাদের ৭৫ শতাংশ বকেয়া রয়েছে, ফাইনাল শেষে আমরা জানতে পারি। তবে ঢাকার ম্যানেজমেন্ট কিছু খেলোয়াড়দের ৫০-৬০ লাখ টাকা পরিশোধ করেছে, যা যথেষ্ট নয়। এখন গভর্নিং কাউন্সিল সোমবারের মধ্যে সিদ্ধান্ত নেবে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম