Logo
Logo
×
   

খেলা

পিএসএল

হুনাইন-জাদুতে রুদ্ধশ্বাস জয়, প্রথম বারেই ফাইনালে হায়দরাবাদ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৮:৫০ এএম

হুনাইন-জাদুতে রুদ্ধশ্বাস জয়, প্রথম বারেই ফাইনালে হায়দরাবাদ

সংগৃহীত

সব আশা শেষই মনে হচ্ছিল হায়দরাবাদ কিংসমেনের। ২৪ বলে ৫৪ রান থেকে সমীকরণটাকে ৬ বলে ৬ রানে নামিয়ে এনেছিল ইসলামাবাদ ইউনাইটেড। তখনই ভোজবাজির মতো উদয় হলেন হুনাইন শাহ। শেষ ওভারে তিনি দিলেন মোটে ৩! তার এমন পারফর্ম্যান্সে ভর করে প্রথম আসরেই বাজিমাত করল হায়দরাবাদ, ২ রানে ইসলামাবাদকে হারিয়ে চলে গেছে পিএসএলের ফাইনালে।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গত রাতে টস জেতে ইসলামাবাদ, শুরুতে ব্যাট করতে পাঠায় হায়দরাবাদকে। উসমান খানের ৩০ বলে ৬১ আর কুশল পেরেরার ২১ বলে ৩৭ রানের ইনিংস হায়দরাবাদকে এনে দিয়েছিল ১৮৬ রানের বিশাল পুঁজি।

জবাবে শুরুটা ভালো না হলেও মার্ক চ্যাপম্যানের ২৬ বলে ৪৩ আর হায়দার আলীর ১৬ বলে ৩১ রানের দুটি ইনিংস ইসলামাবাদকে ঠিক পথেই রেখেছিল। শেষ দিকে ক্রিস গ্রিনের বেধড়ক পিটুনিতে মনে হচ্ছিল রান তাড়া করেই ফেলল দলটা। ১৬ থেকে ১৯, এই তিন ওভারে যথাক্রমে ১৩, ১৩ ও ২২ রান তুলেছে দলটা। তাতে শেষ ওভারে ৬ রান প্রয়োজন হয় তাদের।

তবে শেষ ওভারে তাদের পথ আগলে দাঁড়ান হুনাইন। ২০তম ওভার পর্যন্ত ৬ বলে ২০ রান করা গ্রিনকে শেষ ওভারে তিনটি বল করলেও রান দিয়েছেন মোটে দুই। মাঝে তুলে নিয়েছেন আরেক বিপদ ফাহিম আশরাফের উইকেটও। আর তাতেই ধরা দেয় ২ রানের রুদ্ধশ্বাস এক জয়। 

হুনাইনের এই কীর্তিতে ফাইনালে ওঠে হায়দরাবাদ। এবার ফাইনালে তাদের প্রতিপক্ষ পেশোয়ার জালমি।


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম