Logo
Logo
×
   

খেলা

সেঞ্চুরির অপেক্ষায় মুশফিক, ৩ উইকেট নিয়ে সেশন পাকিস্তানের

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ১২:১৪ পিএম

সেঞ্চুরির অপেক্ষায় মুশফিক, ৩ উইকেট নিয়ে সেশন পাকিস্তানের

ফিফটির পর মুশফিক/সংগৃহীত

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে এসে প্রথমবারের মতো কোনো সেশন নিজেদের করে নিল পাকিস্তান। লিটন দাস ও মেহেদী হাসান মিরাজসহ ৩টি উইকেট তুলে নিয়েছে দলটা। তবে বাংলাদেশও খুব একটা ব্যাকফুটে নেই। প্রথম সেশন শেষে ৭ উইকেটে ৩৮০ রানে পৌঁছেছে স্বাগতিকরা, সেঞ্চুরির অপেক্ষায় আছেন মুশফিকুর রহিম।

দিনের শুরুটা ছিল বিশেষ। আজ ৩৯তম জন্মদিন পালন করছেন মুশফিকুর রহিম। দিনের খেলা শুরুর আগে দলের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন করেন তিনি। তারপর মাঠে নেমে ৪৮ রান থেকে এগিয়ে গিয়ে টেস্ট ক্যারিয়ারের ২৯তম ফিফটি তুলে নেন।

মুশফিক ও লিটন দাস পঞ্চম উইকেটে ৬২ রানের জুটি গড়েন। কিন্তু ৯৭তম ওভারে আব্বাসের বাউন্সারে ক্যাচ দিয়ে ৩৩ রানে ফেরেন লিটন।

এরপর সাতে নামা মিরাজ মাত্র ১২ বলে ১০ রান করে আব্বাসের বলে আউট হন। ৬৯ রানে থাকা মুশফিকের কাছে সেঞ্চুরির জন্য ভালো সঙ্গী দরকার ছিল। কিন্তু তাইজুল ইসলামও টিকতে পারেননি। আব্বাসের বাউন্সারে পুল করতে গিয়ে ২৩ বলে ১৭ রানে রিজওয়ানকে ক্যাচ দেন তিনি। এটি আব্বাসের চতুর্থ উইকেট।

প্রথম দিনে বাংলাদেশের ভিত গড়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। শান্ত ১০১ ও মুমিনুল ৯১ রান করেন। তৃতীয় উইকেটে তাঁরা মিলে গড়েছিলেন ১৭০ রানের জুটি। প্রথম দিন শেষে বাংলাদেশ ছিল ৪ উইকেটে ৩০১।

জন্মদিনে সেঞ্চুরির অনেক ইতিহাস আছে ক্রিকেটে। ইমরান খান, অ্যালেক স্টুয়ার্টসহ বেশ কয়েকজন কিংবদন্তি নিজেদের জন্মদিনে টেস্ট সেঞ্চুরি পেয়েছেন। এমনকি ২০০৬ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষেই জন্মদিনে ডাবল সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়ার পেসার জেসন গিলেস্পি। মুশফিক কি আজ সেই বিরল তালিকায় নিজের নাম লেখাতে পারবেন? সে প্রশ্নের জবাব মিলতে পারে আজ দ্বিতীয় সেশনেই।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম