সেঞ্চুরির অপেক্ষায় মুশফিক, পাকিস্তানকে চেপে ধরেছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৩:০০ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সিলেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে চালকের আসনে চড়ে বসেছে বাংলাদেশ। তৃতীয় দিনের চা বিরতি যাওয়ার আগে দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট হারিয়ে ৩০৭ রান করেছে দলটি। লিড দাঁড়িয়েছে ৩৫৩ রানে। সেঞ্চুরি থেকে মুশফিকুর রহিম আছেন ১০ রানের দূরত্বে।
এই সেশনে উইকেট গেছে দুটি। লিটন দাস ফিরেছেন প্রথমে। এরপর মেহেদী হাসান মিরাজ বিদায় নিয়েছেন। লিটন ৫৫ রানে ‘জীবন’ পেয়েছিলেন, তবে তা তিনি কাজে লাগাতে পারেননি। ৬৯ রানে আউট হন তিনি। হাসান আলীর ৬২তম ওভারের চতুর্থ বলে সৌদ শাকিলকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
লিটন আউট হওয়ার পর ক্রিজে আসেন মেহেদী হাসান মিরাজ। তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ৭২তম ওভারে খুররম শাহজাদের ডেলিভারিতে বোল্ড হন মিরাজ। ৩৯ বলে ১৯ রান করে ফেরেন তিনি।
এরপর মুশফিক লড়েছেন তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে। সপ্তম উইকেট জুটিতে দুজন মিলে তুলেছেন ৪৯ বলে ৩৫ রান।
এই ইনিংসেই আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন মুশফিক। ৭৩তম ওভারের তৃতীয় বলে দুই রান নিয়ে এই মাইলফলকে পৌঁছান তিনি। তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনিই। এই মাসের ২৬ তারিখে আন্তর্জাতিক ক্রিকেটে তার ২১ বছর পূর্ণ হবে।
এর আগে ৬১তম ওভারে টেস্ট ক্যারিয়ারের ৩০তম ফিফটি তুলে নেন মুশফিক। সাজিদের বলে দুই রান নিয়ে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।
