|
ফলো করুন |
|
|---|---|
এক ওভারে ৬ ছক্কার রেকর্ড অনেক আছে। তবে ৮৮ বলে ২৪৭ রানের টার্নেডো ইনিংস খেলেছেন ম্যাথু ডি ভিলিয়ার্স। ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটে ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালান দক্ষিণ আফ্রিকার ম্যাথু।
৪০ ওভারের ম্যাচ তিনি ব্যাট করতে নামেন ১৪তম ওভারে। রানের খাতা খোলেন নিজের চতুর্থ বল ছক্কায় হাঁকিয়ে। ৩৭তম ওভারে আউট হওয়ার আগে মাত্র ৮৮ বলে করে ২৪৭ রান করেন ম্যাথু ডি ভিলিয়ার্স।
তার ইনিংসটি ২২ ছক্কা ও ২৩ চারের মারে সাজানো। ২৪৭ রানের মধ্যে শুধু বাউন্ডারি থেকে এসেছে ২২৪ রান। স্ট্রাইক রেট ২৮০.৬৮।
লংরিজ ক্রিকেট ক্লাবের ইতিহাসে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস বলে জানিয়েছে উইজডেন। নর্দান প্রিমিয়ার ক্রিকেট লিগে ওয়েলি ক্রিকেট ক্লাবের বিপক্ষে লংরিজ ক্রিকেট ক্লাবের হয়ে এই বিস্ফোরক ইনিংস খেলেন ২৫ বছর বয়সি ম্যাথু ডি ভিলিয়ার্স। লংরিজ আগে ব্যাট করে ৪ উইকেটে তোলে ৪৪৭ রান। অফিসিয়াল স্কোরকার্ডেও ডি ভিলিয়ার্সের ৮৮ বলে ২৪৭ রানের ইনিংসে ২৩ চার ও ২২ ছক্কার হিসাব দেওয়া আছে।
তার ব্যাটিং তাণ্ডবের সবচেয়ে বড় শিকার হন জশুয়া ডেনরিথ। ইনিংসের ৩৬তম ওভারে ডেনরিথের ছয় বলই ছক্কায় উড়িয়ে দেন ডি ভিলিয়ার্স।
লংরিজের ৪৪৭ রানের পাহাড়ে চাপা পড়ে ওয়েলি। জবাবে তারা গুটিয়ে যায় ১১২ রানে। ফলে ৩৩৫ রানের বিশাল জয় পায় লংরিজ। স্কোরকার্ড অনুযায়ী, ম্যাচটি লংরিজ জিতেছে ৩৩৫ রানে।
