সূর্যকুমারকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দল থেকেই বাদ দিচ্ছে ভারত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১২:২৪ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের টি-টোয়েন্টি দলে বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। আগামী ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক এবং একই বছরে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নতুন পরিকল্পনা করছেন নির্বাচকরা। সেই পরিকল্পনার অংশ হিসেবে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পেতে পারেন শ্রেয়াস আইয়ার। আর প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেতে যাচ্ছেন ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী।
শনিবার আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য ভারতের টি-টোয়েন্টি দল ঘোষণা করা হবে। মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এটিই হবে ভারতের প্রথম টি-টোয়েন্টি সিরিজ।
বর্তমান অধিনায়ক সূর্যকুমার যাদবের ভবিষ্যৎ নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে। ৩৫ বছর বয়সী এই ব্যাটারকে শুধু অধিনায়কত্ব থেকেই নয়, পুরো দল থেকেই বাদ দেওয়া হতে পারে বলে জানাচ্ছে ক্রিকইনফো।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সূর্যকুমারের পারফরম্যান্স খুব একটা সন্তোষজনক ছিল না। তিনি ৯ ইনিংসে ২৪২ রান করেন। তার স্ট্রাইক রেট ছিল ১৩৬.৭২। এরপর আইপিএল ২০২৬ মৌসুমেও ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে পারেননি। ১৩ ইনিংসে তার সংগ্রহ ছিল ২৭০ রান। গড় ছিল ২০.৭৬ এবং স্ট্রাইক রেট ১৪৭.৫৪।
অন্যদিকে শ্রেয়াস আইয়ার দীর্ঘদিন টি-টোয়েন্টি দলের বাইরে থাকলেও আবারও আলোচনায় এসেছেন। তিনি সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে ভারতের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন। মূলত দলের ভারসাম্যের কারণে তার জায়গা হয়নি। মিডল অর্ডারে সূর্যকুমার যাদব ও তিলক ভার্মার উপস্থিতির কারণে সুযোগ কমে যায়।
চলতি বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ইনজুরির কারণে বিকল্প খেলোয়াড় হিসেবে তাকে দলে নেওয়া হয়েছিল। তবে একাদশে সুযোগ পাননি। কারণ নির্বাচকরা তখন বিশ্বকাপের জন্য প্রস্তুত হওয়া খেলোয়াড়দেরই বেশি গুরুত্ব দিয়েছিলেন।
তবে অধিনায়ক হিসেবে শ্রেয়াসের সাফল্য তাকে আবারও এগিয়ে রেখেছে। ২০২৪ সালে তার নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স আইপিএল শিরোপা জেতে। এর আগে ২০২০ সালে দিল্লি ক্যাপিটালসকে এবং ২০২৫ সালে পাঞ্জাব কিংসকে ফাইনালে তুলেছিলেন তিনি।
ব্যাট হাতেও ধারাবাহিক ছিলেন শ্রেয়াস। আইপিএল ২০২৫ মৌসুমে তিনি ৬০৪ রান করেন। তার স্ট্রাইক রেট ছিল ১৭৫.০৭। আর ২০২৬ মৌসুমে ৪৯৮ রান করেন ১৬৮.৮১ স্ট্রাইক রেটে।
ভারতের নির্বাচকরা টানা দ্বিতীয় বছরের মতো এমন একটি বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। ২০২৫ সালে রোহিত শর্মার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। কিন্তু সেই বছরের অক্টোবরে অস্ট্রেলিয়া সফরের আগে তাকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। যদিও তিনি খেলোয়াড় হিসেবে দলে ছিলেন।
এদিকে সবচেয়ে বেশি আলোচনায় আছেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই তিনি জাতীয় দলে জায়গা পাওয়ার দ্বারপ্রান্তে। সবকিছু ঠিক থাকলে ১৯৮০-এর দশকের শেষ দিকে শচীন টেন্ডুলকারের পর ভারতের পুরুষ দলে সুযোগ পাওয়া সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হবেন তিনি।
আইপিএল ২০২৬-এ দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন এই তরুণ ব্যাটার। পুরো মৌসুমে তিনি ৭৭৬ রান করেন। তার অবিশ্বাস্য স্ট্রাইক রেট ছিল ২৩৭.৩০। এই পারফরম্যান্সই তাকে জাতীয় দলের দরজায় পৌঁছে দিয়েছে।
জাতীয় দলে যোগ দেওয়ার আগে সূর্যবংশী ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কায় একটি ত্রিদেশীয় সিরিজ খেলবেন। ৯ জুন থেকে ২১ জুন পর্যন্ত চলা এই আসরে আফগানিস্তানও অংশ নেবে।
আয়ারল্যান্ড সফরে ভারত দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ২৬ ও ২৮ জুন বেলফাস্টে। এরপর ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। সিরিজটি ১ জুলাই শুরু হয়ে ১১ জুলাই শেষ হবে।
সব মিলিয়ে ভারতের টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন যুগের সূচনা হতে যাচ্ছে বলেই মনে করা হচ্ছে। অভিজ্ঞদের বদলে তরুণদের ওপর আস্থা রাখার পথে হাঁটছে নির্বাচকরা। আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন শ্রেয়াস আইয়ার ও বৈভব সূর্যবংশী।
