Logo
Logo
×
   

খেলা

নাইটক্লাব ইস্যুতে তদন্ত ও বিতর্কের মুখে ইংলিশ অধিনায়ক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১০:২৩ এএম

নাইটক্লাব ইস্যুতে তদন্ত ও বিতর্কের মুখে ইংলিশ অধিনায়ক

মাঠের বাইরের বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না ইংল্যান্ড ক্রিকেট দলের। অতীতের কয়েকটি বিতর্কিত ঘটনার পর এবার নাইটক্লাব-সংক্রান্ত নতুন এক ঘটনায় তদন্তের আওতায় এসেছেন দলের টেস্ট অধিনায়ক বেন স্টোকস এবং পেসার গাস অ্যাটকিনসন।

নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডসে অনুষ্ঠিত প্রথম টেস্টে জয় পাওয়ার পর ইংল্যান্ড শিবিরে স্বাভাবিকভাবেই ছিল উচ্ছ্বাসের আবহ। তবে সেই আনন্দের মধ্যেই ঘটে যায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। ম্যাচ শেষে একটি নাইটক্লাবে স্টোকস ও অ্যাটকিনসনের উপস্থিতিতে ঘটে যাওয়া বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ইসিবি জানিয়েছে, দলীয় নিয়ম ভঙ্গের অভিযোগে ঘটনাটির বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট ক্রিকেট কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ব্রিটিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একটি রাগবি ক্লাবের খেলোয়াড়কে কেন্দ্র করে ওই ঘটনায় জড়িয়ে পড়েন দুই ইংলিশ ক্রিকেটার। ফলে ক্রিকেট বোর্ডের পাশাপাশি সংশ্লিষ্ট রাগবি ক্লাবও নিজেদের পক্ষ থেকে বিষয়টি অনুসন্ধান করছে।

এর আগে ২০২৫ সালে নিউজিল্যান্ড সফরের সময় নাইটক্লাবে গিয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল ও জশ টাং সমালোচনার মুখে পড়েন। তদন্ত শেষে তাদের সতর্ক করা হয় এবং ব্রুককে আর্থিক জরিমানাও গুনতে হয়।

অস্ট্রেলিয়া সফরেও গভীর রাতে বাইরে যাওয়া ও মদ্যপান-সংক্রান্ত ঘটনায় অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছিল ইংল্যান্ড দল। এসব ঘটনার পর খেলোয়াড়দের রাতের বাইরে যাওয়া নিয়ন্ত্রণে কারফিউ জারি করেছিল টিম ম্যানেজমেন্ট, যা এখনও কার্যকর রয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০১৭ সালে ব্রিস্টলের একটি নাইটক্লাবের বাইরে সংঘর্ষের ঘটনায় বেন স্টোকস গ্রেফতার হয়েছিলেন। যদিও পরবর্তীতে আদালত তাকে সব অভিযোগ থেকে অব্যাহতি দেয়। নতুন এই তদন্তে তার নাম উঠে আসায় আবারও আলোচনার কেন্দ্রে চলে এসেছেন ইংলিশ অধিনায়ক।

সূত্র: বিবিসি স্পোর্ট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম