আর্জেন্টিনা ম্যাচের রেফারিং নিয়ে ফিফার কাছে নালিশ দিল আলজেরিয়া
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৮:১৬ এএম
প্রথমার্ধে আইসা মান্দিকে ফাউল করেছিলেন মেসি/ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
আর্জেন্টিনার বিপক্ষে ৩-০ গোলে হারের পর রেফারিং নিয়ে অভিযোগ তুলেছে আলজেরিয়া। বিশ্বকাপের এই ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট দলটি ফিফার রেফারি কমিশনের কাছে চিঠি পাঠিয়েছে।
শুক্রবার রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি সূত্র। চিঠিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে প্রথমার্ধের একটি ঘটনার কথা। সেই ঘটনায় আর্জেন্টিনার লিওনেল মেসি আলজেরিয়ার অধিনায়ক আইসা মান্দির পায়ের কাফে পা দিয়েছিলেন।
গ্যালারিতে থাকা আলজেরিয়ার সমর্থকরা তখন মেসিকে লাল কার্ড দেখানোর দাবিতে চিৎকার করছিলেন। তবে রেফারি তাকে কোনো শাস্তি দেননি। উল্টো এই ম্যাচেই হ্যাটট্রিক করেন মেসি।
কানসাস সিটিতে অনুষ্ঠিত এই ম্যাচটি পরিচালনা করেন পোল্যান্ডের রেফারি সিমন মার্চিনিয়াক। ২০২২ বিশ্বকাপের ফাইনালেও দায়িত্বে ছিলেন তিনি, যে ম্যাচে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়েছিল আর্জেন্টিনা।
