Logo
Logo
×
   

খেলা

ভারতের ওয়ানডে ইতিহাসে যে ঘটনা আগে কখনো দেখা যায়নি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০২:৪০ এএম

ভারতের ওয়ানডে ইতিহাসে যে ঘটনা আগে কখনো দেখা যায়নি

আফগানিস্তান সিরিজে রোহিত শর্মা এমন এক কীর্তি গড়েন, যা ভারতের ওয়ানডে ইতিহাসে আগে কখনও দেখা যায়নি।

আফগানিস্তান সিরিজে রোহিত শর্মার খেলা নিয়ে শুরু থেকেই অনিশ্চয়তা ছিল। চোট কাটিয়ে শেষ পর্যন্ত ফিটনেস পরীক্ষায় সফল হয়ে দলে ফেরেন ভারতের সাবেক অধিনায়ক। মাঠে ফিরে তিনি এমন এক কীর্তি গড়েন, যা ভারতের ১০৭৮ ম্যাচের ওয়ানডে ইতিহাসে আগে কখনও দেখা যায়নি।

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ আগেই নিশ্চিত করে ফেলেছিল ভারত। শনিবারের তৃতীয় ও শেষ ম্যাচটি ছিল কেবল আনুষ্ঠানিকতা। তবে সেই ম্যাচেই তৈরি হয়েছে নতুন এক নজির। ম্যাচের শুরু থেকেই চাপে পড়ে যায় সফরকারীরা। দলীয় ৩৬ রানেই হারায় প্রথম চার উইকেট।

আফগান ব্যাটিং লাইনআপে ধস নামান ভারতীয় পেসার প্রসিদ্ধ কৃষ্ণ। ম্যাচের প্রথম তিনটি উইকেটই তুলে নেন তিনি। রহমানউল্লাহ গুরবাজ, রহমত শাহ এবং ইব্রাহিম জাদরান; তিনজনই আউট হন প্রসিদ্ধর বলে। আবার এই তিনটি ক্যাচই তালুবন্দি করেন রোহিত শর্মা।

প্রথম ক্যাচটি ধরেন স্লিপে দাঁড়িয়ে। দ্বিতীয় ক্যাচের জন্য মিডউইকেট অঞ্চলের দিকে দৌড়ে গিয়ে দুর্দান্ত দক্ষতা দেখান ভারত অধিনায়ক। এরপর জাদরানের ক্যাচও নেন প্রথম স্লিপে। এতেই গড়ে ওঠে অনন্য এক রেকর্ড। 

 

ভারতের ওয়ানডে ইতিহাসে এই প্রথম কোনো বোলার-ফিল্ডার জুটি প্রতিপক্ষের প্রথম তিনটি উইকেটই পরপর নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে। অর্থাৎ প্রথম তিন ব্যাটারের বিদায়ের নেপথ্যে ছিলেন একই বোলার ও একই ফিল্ডার।

এর আগে ভিভিএস লক্ষ্মণ-ইরফান পাঠান এবং শিখর ধাওয়ান-জাসপ্রিত বুমরাহ জুটি তিনটি করে উইকেটে ভূমিকা রেখেছিল। তবে সেগুলো প্রতিপক্ষের প্রথম তিন উইকেট ছিল না, আবার টানা তিন উইকেটও ছিল না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম