প্রথমার্ধ শেষে সমতায় ইরান-মিশর, এগিয়ে থেকে বিরতিতে বেলজিয়াম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১০:০৪ এএম
ছবি-ফিফা
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে উত্তেজনার কমতি নেই। আজ সকাল নয়টায় একই সময়ে শুরু হয়েছে মিশর-ইরান ও নিউজিল্যান্ড-বেলজিয়াম ম্যাচ। এই দুই ম্যাচের প্রথমার্ধ শেষে ইরান মিশর আছে ১-১ সমতায়। ওদিকে নিউজিল্যান্ডের জালে এক গোল জড়িয়ে বিরতিতে গেছে বেলজিয়াম।
মিশর-ইরান ম্যাচে মাত্র পাঁচ মিনিটেই এগিয়ে যায় মিশর। মোহাম্মদ সালাহ বক্সের ভেতর থেকে তার বাঁ-পায়ের চেনা কার্লিং শট নেন। সেটি সেভ হলেও রিবাউন্ড বল পান সাবের। তার শট দুর্বল হলেও অসংখ্য পায়ের ফাঁক গলে এবং গোলরক্ষকের হাত ফসকে লাইন পার হয়ে যায়। মিশরের ইতিহাসে এটি বিশ্বকাপের দ্রুততম গোল।
এরপর ইরানের জন্য সুযোগ আসে পেনাল্টিতে। তারেমি চালাকি করে আবদেলমোনেমের পা থেকে বল নেওয়ার চেষ্টা করলে মিশরীয় ডিফেন্ডার বলের বদলে তারেমিকে ফাউল করেন। রেফারি পেনাল্টি দেন। তারেমি গোলরক্ষকের বাম দিকে কিক নেন, কিন্তু মিশরের গোলরক্ষক শোবেইর দুর্দান্ত ডাইভে বলটি আটকে দেন।
তবে স্বস্তি বেশিক্ষণ টেকেনি মিশরের। ১৫ মিনিটেই সমতা ফেরায় ইরান। এজাতোলাহি বক্সের ভেতরে বল পেয়ে শট নেন, শোবেইর অসাধারণ সেভ করেন। কিন্তু রিবাউন্ড বল পান রেজাইয়ান, এবং তিনি সবচেয়ে কঠিন কোণ থেকে বলটি জালে জড়ান। প্রথম ম্যাচেও গোল করা রামিন রেজাইয়ান আবার ত্রাতা হলেন ইরানের জন্য। এটি ইরানের ইতিহাসে বিশ্বকাপের দ্রুততম গোল।
অন্য ম্যাচে ২৮ মিনিটে এগিয়ে গেছে বেলজিয়াম। কেভিন ডি ব্রুইনার কর্নার থেকে হেড করে গোল করেন লিয়ান্দ্রো থ্রোসার্দ। এই লিড নিয়েই বিরতিতে গেছে বেলজিয়াম।
বিরতির সময় দুই ম্যাচের ফলাফল যদি এভাবেই থাকে, তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে মিশর এবং রানার্সআপ হিসেবে রাউন্ড অব ৩২-এ যাবে বেলজিয়াম। ইরানকে তখন মিরাকলের অপেক্ষায় থাকতে হবে।
