Logo
Logo
×
   

খেলা

‘আয়োজকরা চায় আমরা বাদ পড়ি’ — ফিফা সভাপতিকে ইঙ্গিত ইরান অধিনায়কের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০১:০৬ পিএম

‘আয়োজকরা চায় আমরা বাদ পড়ি’ — ফিফা সভাপতিকে ইঙ্গিত ইরান অধিনায়কের

ফাইল ছবি

সিয়াটলে মিশরের বিপক্ষে ১-১ ড্রয়ের পর ফিফা ও বিশ্বকাপ আয়োজকদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন ইরান অধিনায়ক মেহদি তারেমি। তিনি দাবি করেছেন, বিশ্বকাপের আয়োজকরা চায় ইরান টুর্নামেন্ট থেকে বাদ পড়ুক।

ভিসা জটিলতা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েনে শুরু থেকেই কঠিন সময় পার করছে ইরান দল। এই বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর ইরানের বিশ্বকাপ দলের প্রায় এক ডজন সদস্য আমেরিকায় ভিসা পাননি। দলকে ক্যাম্প সরিয়ে মেক্সিকোতে নিতে বাধ্য করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তারেমি বলেন, ‘শুরু থেকেই আমরা এই বিষয়গুলো নিয়ে অভিযোগ করে আসছি। এটা একটা বিপর্যয়ের বিশ্বকাপ। বিপর্যয়।’

তিনি আরও বলেন, ‘পেশাদার প্রতিযোগিতায় পেশাদার খেলোয়াড় হিসেবে এটা ঠিক নয়, এটা ন্যায্য নয়। ফিফার কাছে যদি এটা ন্যায্য মনে হয়, ভালো কথা। কিন্তু এটা ন্যায্য নয়। কে আমাদের সাহায্য করতে চায়? কেউ না। কেউ সাহায্য করেনি।’

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে সরাসরি লক্ষ্য করে তারেমি বলেন, ‘ইনফান্তিনো নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের পর আমাদের ড্রেসিং রুমে এসে বলেছিলেন, সব সমস্যার সমাধান করা হবে। কিন্তু আসলে ফিফা কিছুই করেনি।’

আয়োজকরা ইরানের বিদায় চায় কি না, এই প্রশ্নের জবাবে তারেমি বলেন, ‘এখানে আমাদের সবকিছুর বিরুদ্ধে লড়তে হচ্ছে। মানুষ চায় কি না জানি না, তবে আমাদের দৃষ্টিকোণ থেকে দেখলে মনে হয় হ্যাঁ, তারা এরকমই।’

উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের পরেও তারেমি এই বিশ্বকাপকে ‘বিপর্যয়’ বলে আখ্যা দিয়েছিলেন। শুক্রবার মিশরের বিপক্ষে ম্যাচের আগে সেই কথাই আবার বললেন তিনি।

ইতিহাসে প্রথমবার নকআউট পর্বে ওঠার স্বপ্ন এখনও বাঁচিয়ে রেখেছে ইরান, তবে সেটা নির্ভর করছে অন্য ম্যাচের ফলাফলের উপর।

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম