ঝড় থামাতে পারেনি মেক্সিকোর উৎসব, শেষ ষোলোতে স্বাগতিকরা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৮:০৬ এএম
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হয়েছে স্বাগতিক মেক্সিকো। এই লড়াইয়ে জয়ী দল শেষ ষোলোতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ডিআর কঙ্গো ম্যাচের বিজয়ীর। ম্যাচটির গোল, পরিসংখ্যান, গুরুত্বপূর্ণ মুহূর্ত ও সবশেষ আপডেট ধারাবাহিকভাবে জানানো হবে যুগান্তর অনলাইনের পাতায়।
০১ জুলাই ২০২৬, ০৪:০৫ এএম
ঝড় থামাতে পারেনি মেক্সিকোর উৎসব, শেষ ষোলোতে স্বাগতিকরা
সম্পূর্ণ সময় শেষে
মেক্সিকো ২:০ ইকুয়েডর
ঝড়-বৃষ্টির বাগড়া বড্ড ভুগিয়েছে। আজতেকা স্টেডিয়ামে অপেক্ষা ফুরাচ্ছিল না। খেলাও শুরু হলো পাক্কা এক ঘণ্টা পর। কিন্তু ফল নির্ধারণ করতে মেক্সিকো সময় নিল মোটে ৩১ মিনিট। ইকুয়েডরকে বিদায় করে তাতেই শেষ ষোলোর জায়গাও পাঁকা হয়ে গেছে স্বাগতিকদের।
বিশ্বকাপের শেষ ৩২ এর লড়াইয়ে আজতেকায় শুরু থেকেই দাপট দেখায় স্বাগতিক মেক্সিকো। প্রথমার্ধেই হুলিয়ান কুইনোনেস ও রাউল হিমেনেজের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় হাভিয়ের আগুইরের দল। বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রেখে সহজ জয় নিশ্চিত করে তারা।
এই জয়ে শেষ ষোলোতে মেক্সিকো মুখোমুখি হবে ইংল্যান্ড অথবা ডিআর কঙ্গোর। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী রোববার, মেক্সিকো সিটিতেই। আজ রাত দশটায় কঙ্গোর বাধা সামলাবে ইংলিশরা।
০১ জুলাই ২০২৬, ০৪:০৩ এএম
ভিএআরে ধরা পড়ে লাল কার্ড, ১০ জনের ইকুয়েডর
ম্যাচের যোগ করা সময়ে মেক্সিকোর হিমেনেজ ও ইকুয়েডরের হিনকাপিয়ের মধ্যে উত্তেজনা তৈরি হয়। হিমেনেজের অভিযোগের পর ভিএআরে ঘটনা পর্যালোচনা করে হিনকাপিয়েকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।
শেষ মুহূর্তে ১০ জনের দলে পরিণত হওয়ায় ইকুয়েডরের ম্যাচে ফেরার সম্ভাবনা কার্যত শেষ হয়ে যায়।
০১ জুলাই ২০২৬, ০২:৫১ এএম
এগিয়ে থেকে বিরতিতে মেক্সিকো
প্রথমার্ধ শেষে
মেক্সিকো ২:০ ইকুয়েডর
বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে প্রথমার্ধে দাপট দেখিয়েছে স্বাগতিক মেক্সিকো। সুযোগগুলো কাজে লাগিয়ে দুটি গোল করে বিরতিতে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে তারা। দ্বিতীয়ার্ধে এই ব্যবধান ধরে রেখে শেষ ষোলো নিশ্চিত করার লক্ষ্য থাকবে মেক্সিকোর। ম্যাচে ফিরতে ইকুয়েডরকে দেখাতে হবে ভিন্ন কিছু।
০১ জুলাই ২০২৬, ০২:৩৮ এএম
কুইনোনেসের পর হিমেনেসের বাজিমাত
ম্যাচের ৩১ মিনিটেই ব্যবধান দ্বিগুণ!
প্রথম গোলের নায়ক কুইনোনেস এবার নিজেই হলেন গোলের কারিগর। তার দেওয়া নিখুঁত পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে জালের ঠিকানা খুঁজে নেন হিমেনেস। মেক্সিকোর দ্বিতীয় সর্বোচ্চ গোলস্কোরারের উদযাপনও ছিল দেখার মতো!
আক্রমণের শুরুটা করেছিলেন হিমেনেসই। বল বাড়িয়ে দেন কুইনোনেসের কাছে। এরপর মুহূর্তের মধ্যেই বল ফেরত পান। সুযোগ হাতছাড়া না করে ডান পায়ের জোরালো শটে বল জড়িয়ে দেন গোলের ওপরের কোণে। ইকুয়েডরের গোলরক্ষকের কোনো সুযোগই ছিল না।
৩১ মিনিট শেষে
মেক্সিকো ২:০ ইকুয়েডর
০১ জুলাই ২০২৬, ০২:৩০ এএম
কুইনোনেসের গোল এগিয়ে গেল মেক্সিকো
আক্রমণের ধারা শুরু থেকেই ছিল। একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পাচ্ছিল না মেক্সিকো। অবশেষে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের ২০ মিনিটে সেই অপেক্ষার অবসান ঘটান কুইনোনেস।
মাঝমাঠ থেকে বল পেয়ে অসাধারণ গতিতে একাই এগিয়ে যান তিনি। সামনে সতীর্থদের কাছে পাস দেওয়ার সুযোগ থাকলেও নিজেই শট নেওয়ার সিদ্ধান্ত নেন। তার নেওয়া শক্তিশালী শটটি আটকানোর কোনো সুযোগই পায়নি ইকুয়েডরের গোলরক্ষক গালিন্দেস।
কুইনোনেসের দুর্দান্ত গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মেক্সিকো। অবশ্য গোলের আগে ম্যাচে উত্তেজনাও ছড়ায়। টাচলাইনের পাশে বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে মেক্সিকোর হিমেনেসকে ধাক্কা দেন ইকুয়েডরের ডিফেন্ডার পাচো।
এতে হিমেনেস মাঠের পাশের ক্যামেরার দিকে ছিটকে পড়েন। ঘটনাটি দেখে মেক্সিকোর বেঞ্চ ফাউলের দাবিতে ক্ষোভ প্রকাশ করলেও রেফারি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেননি।
০১ জুলাই ২০২৬, ০২:১৫ এএম
শুরু থেকেই দাপট মেক্সিকোর
ইকুয়েডরের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছে মেক্সিকো। দীর্ঘ বিরতির পর মাঠে নেমেও দুর্দান্ত ছন্দে খেলছেন স্বাগতিকরা। একের পর এক সুযোগ তৈরি করতে পারলেও স্কোরলাইন এখনও পরিবর্তন হয়নি।
মেক্সিকো ম্যাচে মোরাকে ঘিরেই গড়ে উঠছে দলের বেশিরভাগ আক্রমণ। ম্যাচের ৭ মিনিটের মাথায় তিন বনাম দুই অবস্থায় এগিয়ে গিয়ে রোমো নিজেই শট নেন। তবে বল উড়িয়ে মারেন বারের ওপর দিয়ে।
এক মিনিট পর আবারও মোরার পাস থেকে রোমোর ক্রসে হেড করার সুযোগ পান হিমেনেস। পর্যাপ্ত জায়গা পেলেও তার হেড লক্ষ্যে রাখতে পারেননি।
প্রথম ৯ মিনিটে বলের দখল ও আক্রমণে স্পষ্ট আধিপত্য দেখাচ্ছে মেক্সিকো। তবে এখনো গোলের দেখা পায়নি তারা। অন্যদিকে ইকুয়েডর ব্যস্ত আছে মেক্সিকোর আক্রমণ সামলাতেই।
০১ জুলাই ২০২৬, ০২:০৮ এএম
ঝড়ের কবলে মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ
বৈরী আবহাওয়ার কারণে পিছিয়ে গেছে মেক্সিকো ও ইকুয়েডরের মধ্যকার বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচ। পূর্বনির্ধারিত বাংলাদেশ সময় সকাল ৭টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও প্রবল বৃষ্টি ও বজ্রঝড়ের কারণে তা সম্ভব হয়নি।
ম্যাচটি দেখতে চার ঘণ্টারও বেশি সময় আগে থেকেই মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে ভিড় জমাতে শুরু করেন দর্শকরা।
তবে আবহাওয়া পরিস্থিতির অবনতির কারণে কর্তৃপক্ষ সতর্কতা জারি করে এবং ম্যাচের কিক-অফ অন্তত ৩০ মিনিট পিছিয়ে দেয়। পরিস্থিতি এতটাই প্রতিকূল যে, নির্ধারিত সময় পর্যন্ত খেলোয়াড়রাও মাঠে নেমে ওয়ার্ম-আপ শুরু করতে পারেননি।
