|
ফলো করুন |
|
|---|---|
আটলান্টায় শেষ বত্রিশের লড়াইয়ে মাঠে নেমেছে ইংল্যান্ড ও ডিআর কঙ্গো। এ ম্যাচে যারা জিতবে, শেষ ষোলোতে তারা মেক্সিকোর মুখোমুখি হবে।
পুরো ম্যাচের সরাসরি আপডেট জানতে চোখ রাখুন যুগান্তর লাইভে।
০১ জুলাই ২০২৬, ১৮:০৭ পিএম
ডিআর কঙ্গোর হৃদয় ভেঙে শেষ ১৬তে ইংল্যান্ড
শেষমেশ ২-১ ফল নিয়েই ম্যাচ শেষ করল ইংলিশরা। আর তাতে কঙ্গোর হৃদয় ভেঙে শেষ ষোলর টিকিট কেটে ফেলল ১৯৬৬ সালের চ্যাম্পিয়নরা।
০১ জুলাই ২০২৬, ১৭:৫৭ পিএম
৮৫ মিনিটে আবারও কেইনের গোল, এগিয়ে গেল ইংল্যান্ড
খেলাটা অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছিল। নির্ধারিত ৯০ মিনিট থেকে বাকি ছিল আর মাত্র ৫টিই মিনিট। ঠিক এই সময়ে এসে হ্যারি কেইন করে বসলেন দুর্দান্ত এক গোল।
বক্সের সামনে কেইনকে পাস দিয়েছিলেন অ্যান্থনি গর্ডন। সেখানে বল পেয়ে বক্সে ঢুকে একটু ফাঁকা জায়গা পেয়েছিলেন ডান পাশে, তবে গোলপোস্টটা ছিল তার 'ব্লাইন্ড স্পটে'। সেখান থেকেই শটটা নিলেন, তা গিয়ে জড়াল জালে। মোক্ষম সময়ে লিড পেয়ে গেল ইংলিশরা!
০১ জুলাই ২০২৬, ১৭:৩৮ পিএম
ইংলিশদের সমতায় ফেরালেন হ্যারি কেইন!
হ্যারি কেইন! তিনি ছাড়া আর কে হতে পারতেন ইংলিশদের ত্রাতা!
বাম পাশ থেকে অ্যান্থনি গর্ডনের ক্রসে মাথা ছুঁইয়ে বল নিয়ে আছড়ে ফেললেন জালে। ইংল্যান্ড সমতা ফেরাল ৭৪ মিনিটে গিয়ে।
০১ জুলাই ২০২৬, ১৬:৫৯ পিএম
পিছিয়ে থেকে বিরতিতে গেল ইংল্যান্ড
ঘটনাবহুল এক প্রথমার্ধ কাটাল ইংল্যান্ড ও ডিআর কঙ্গো। ইংলিশদের হতবাক করে দিয়ে ৭ মিনিটে এগিয়ে গিয়েছিল কঙ্গো। প্রথমার্ধের শেষ দিকে কেইনের পেনাল্টি আবেদন নাকচ হয়েছে, রাশফোর্ডের শট গোললাইন থেকে ফিরেছে, এরপর শেষ দিকে বেলিংহামের শটও ঠেকিয়ে দিয়েছে কঙ্গো রক্ষণ। ফলে বিরতিতে পিছিয়ে থেকেই যেতে হয়েছে ইংলিশদের। ইতিহাস থেকে কঙ্গোর দূরত্ব এখন স্রেফ ৪৫ মিনিটের।
০১ জুলাই ২০২৬, ১৬:৪৮ পিএম
ইংল্যান্ডের পেনাল্টির আবেদনে কান দিলেন না রেফারি
বক্সে গোলরক্ষককে একা পেয়ে গিয়েছিলেন হ্যারি কেইন। গোলরক্ষক লিওনেল এমপাসি সেটা ভালোভাবেই সামনে এগিয়ে এসে কেইনের জায়গা ছোট করে দিয়েছেন, কেইনের গায়ে লেগে বল চলে গেছে বাইরে।
তবে কেইন বক্সে পড়ে গিয়েছিলেন। সেখান থেকে পেনাল্টির আবেদন তুলেছিলেন তিনি। তাতে শুরুতে কান না দিলেও ভিএআর পর্যন্ত গিয়েছিলেন রেফারি। সেখানে দেখা গেল পেনাল্টি হওয়ার মতো কন্ট্যাক্ট হয়নি। পেনাল্টি হলো না!
০১ জুলাই ২০২৬, ১৬:৪৫ পিএম
অল্পের জন্য দুই গোল হজম থেকে রক্ষা ইংলিশদের!
০-২ হয়েই গিয়েছিল আরেকটু হলে!
ডান পাশ থেকে ওয়ান-বিসাকার ক্রস ইংলিশদের ডিফেন্ডারের গায়ে লেগে চলে গিয়েছিল ইয়োনে উইসার কাছে। তার ফার্স্ট টাচে নেওয়া শট গোলরক্ষককে ফাঁকি দিয়েছিল, তবে তা বারপোস্টে লেগে চলে গেল বাইরে।
হাঁফ ছেড়ে বাঁচল ইংল্যান্ড!
০১ জুলাই ২০২৬, ১৬:৪০ পিএম
'ইউনাইটেড ডার্বি'তে গোল পেল না ইংল্যান্ড
হ্যারি কেইনের শট স্লাইডিং ট্যাকলে ঠেকিয়েছিলেন কঙ্গো ডিফেন্ডার। এরপর ডান উইং দিয়ে সে বলটা রিকভার করে ইংল্যান্ড। সেখান থেকে একটা ক্রসে বক্সের বাম পাশে ফাঁকায় বলটা পেয়ে গিয়েছিলেন মার্কাস রাশফোর্ড। তার জোরালো শট বক্সের ভেতর থেকে দারুণভাবে ঠেকিয়েছেন অ্যারন ওয়ান-বিসাকা। মজার বিষয় হলো, দুজনেই ম্যানচেস্টার ইউনাইটেডে একই ড্রেসিং রুম ভাগাভাগি করেছেন। সে যাই হোক, দুজনের এই মুখোমুখি লড়াইয়ে হতাশ হতে হয়েছে ইংলিশদের, গোল যে আসেনি!
০১ জুলাই ২০২৬, ১৬:২৬ পিএম
পিছিয়ে থেকে পানি খেতে গেল ইংলিশরা
ম্যাচের ৭ মিনিটে ব্রায়ান চিপেঙ্গার গোলে চমকে গেছে ইংল্যান্ড। এরপর থেকে কঙ্গো জমাট রক্ষণে নেমে পড়েছে, তাতে ইংলিশ আক্রমণকে যেন একটু দিশেহারাই ঠেকছে। ওদিকে কঙ্গো আক্রমণও করছে শেষ দিকে। সব মিলিয়ে ইংলিশরা আপাতত খানিকটা কোণঠাসা। এমন পরিস্থিতিতে হাইড্রেশন ব্রেকের বিরতি দিলেন রেফারি।
এবারের বিশ্বকাপে একই অবস্থা থেকে এমন হাইড্রেশন ব্রেক বেশ উপকারে এসেছে বহু দলের। ইংল্যান্ড সেটা কাজে লাগাতে পারে কি না, সেটাই দেখার বিষয়।
০১ জুলাই ২০২৬, ১৬:১৪ পিএম
ম্যাচের শুরুতেই পিছিয়ে গেল ইংল্যান্ড
ম্যাচের শুরুতেই বড়সড় ধাক্কা খেল ইংল্যান্ড। ডিআর কঙ্গোকে স্তব্ধ করে দেওয়া এক গোলে এগিয়ে নিলেন ব্রায়ান সিপেঙ্গা। ডি-বক্সের বাঁ দিক থেকে দারুণ এক ডান পায়ের শটে বল জালে জড়ান এই ফরোয়ার্ড।
