Logo
Logo
×
   

খেলা

ইংল্যান্ডকে কি ‘ন্যায্য’ পেনাল্টি থেকে বঞ্চিত করেছেন রেফারি?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১১:১৯ পিএম

ইংল্যান্ডকে কি ‘ন্যায্য’ পেনাল্টি থেকে বঞ্চিত করেছেন রেফারি?

বক্সে এভাবে চ্যালেঞ্জের মুখে পড়ে পেনাল্টির আবেদন তুলেছিলেন হ্যারি কেইন/সংগৃহীত

ডিআর কঙ্গোর বিপক্ষে প্রথমার্ধে পেনাল্টির জন্য জোরালো আবেদনই করেছিলেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। কিন্তু রেফারি তা মানেননি। ভিএআর যাচাইয়ের পরও সে সিদ্ধান্ত বদলায়নি। 

আটলান্টায় রাউন্ড অব ৩২-এর এই ম্যাচে শুরু থেকেই দ্রুত আক্রমণে নামে ডিআর কঙ্গো। ব্রায়ান সিপেঙ্গার গোলে আগেভাগেই এগিয়ে যায় তারা। ইংল্যান্ড এই ম্যাচে ফেভারিট ছিল। তবে গোল খেয়ে চাপে পড়ে টমাস টুখেলের দল।

বিরতির কিছু আগে সমতা খুঁজছিল ইংল্যান্ড। সেই সময় প্রতিপক্ষের রক্ষণ ভেদ করে এগিয়ে যান কেইন। গোলরক্ষক লিওনেল এমপাসিকে পাশ কাটানোর চেষ্টা করতে গিয়ে স্পর্শ অনুভব করেন তিনি এবং মাটিতে পড়ে যান।

তবে জর্ডানের রেফারি আদহাম মাখাদমেহ সঙ্গে সঙ্গে তার আবেদন উড়িয়ে দেন। তার ইশারায় বোঝা যায়, তিনি মনে করেছেন কেইন ডাইভ করেছেন। ভিএআর রেফারি খামিস আল মারি ঘটনাটি সংক্ষিপ্তভাবে পর্যালোচনা করেন। তবে তিনি মাখাদমেহকে পিচসাইড মনিটরে দেখতে ডাকেইননি এবং মাঠের সিদ্ধান্তেই বহাল থাকতে বলেন।

বিবিসির ধারাভাষ্যকার এবং ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার অ্যালান শিয়েরার মনে করেন, পেনাল্টি দেওয়া উচিত ছিল। তিনি বলেন, ‘স্পর্শ ছিল, এতে কোনো সন্দেহ নেই। আমার কাছে এটা পেনাল্টি।’

শিয়েরার আরও বলেন, ‘কেইন হয়তো একটু বেশি নাটকীয়ভাবে পড়েছেন। কিন্তু গোলরক্ষক সেভাবে হাত নিয়ে ছুটে এলে একজন ফরোয়ার্ড হিসেবে তুমি স্পর্শ পেলে মাটিতে পড়তেই পারো।’

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম