|
ফলো করুন |
|
|---|---|
সেই ২০১০ বিশ্বকাপের ফাইনালে স্পেন সবশেষ কোনো বিশ্বকাপ নকআউট ম্যাচে জিতেছিল। ২০১৪ বিশ্বকাপে বাদ পড়েছিল গ্রুপ পর্ব থেকেই। ২০১৮ আর ২০২২ বিশ্বকাপের নকআউটের চৌকাঠ মাড়ালেও সে ২ আসরে শেষ ১৬ থেকেই বিদায় নিতে হয়েছে লা ফিউরিয়া রোহাদের।
২০২৬ সালে এসে সে খরা কাটানোর মিশনে নেমেছে কোচ লুইস দে লা ফুয়েন্তের স্পেন। আজ সে মিশনে তারা মুখোমুখি ইউরোপেরই আরেক দেশ অস্ট্রিয়ার।
এই ম্যাচের লাইভ আপডেট জানতে চোখ রাখুন যুগান্তর অনলাইনে।
০২ জুলাই ২০২৬, ২১:০১ পিএম
৩-০ গোলে জিতল স্পেন
শেষমেশ ৩-০ গোলেই জিতল স্পেন। দুটো গোল করেছেন মিকেল ওইয়েরজাবাল, অন্যটি করেছেন পেদ্রো পোরো।
০২ জুলাই ২০২৬, ২০:৫৪ পিএম
ওইয়েরজাবালের ২, স্পেনের ৩
তৃতীয় গোলটা আসি আসি করছিল। ৮৮ মিনিটে সেটা পেয়ে গেল স্পেন। অস্ট্রিয়ার ঘুমিয়ে পড়া রক্ষণের পেছন দিয়ে পাসটা বাড়িয়েছিলেন কুকুরেলা। সেটা গিয়ে পড়ল বক্সে ফাঁকায় দাঁড়ানো ওইয়েরজাবালের পায়ে। গোলরক্ষককে ফাঁকি দিয়ে গোলটা করতে ভুল করেননি ওইয়েরজাবাল। তৃতীয় গোলের দেখা পেয়ে গেল স্পেন।
০২ জুলাই ২০২৬, ২০:৩০ পিএম
পোরোর গোলে ব্যবধান বাড়াল স্পেন
৬৫ মিনিটে এসে দ্বিতীয় গোলের দেখা পেল স্পেন। বায়েনার ক্রস থেকে দারুণ এক হেডারে বল অস্ট্রিয়ার জালে জড়ালেন পেদ্রো পোরো। এটি এই টটেনহ্যাম ডিফেন্ডারের প্রথম আন্তর্জাতিক গোল। এই গোলই স্পেনকে আরও একটি স্বস্তিতে ম্যাচের দখল নেওয়ার সুযোগ করে দিল।
০২ জুলাই ২০২৬, ২০:২৫ পিএম
৬০ মিনিটে এসে স্পেন রক্ষণে ত্রাস ছড়াল অস্ট্রিয়া
শুরুর ৬০ মিনিটে অস্ট্রিয়ার এক্সজি বা প্রত্যাশিত গোলের সংখ্যাটা ছিল ০.০৩। মানে এই তাল ধরে পুরো ম্যাচ খেললেও তাদের গোলের সম্ভাবনা ছিল শূন্যের কাছাকাছি।
বদলি খেলোয়াড় সাশা কালাইজিচ আসতেই দৃশ্যটা একটু বদলে গেল। সাবিতজারের ক্রস থেকে তিনি হেড করেছিলেন স্পেন গোলমুখ লক্ষ্য করে। বল লক্ষ্যভ্রষ্ট হয়েছে বটে।
তবে বিষয়টা অস্ট্রিয়ানদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এই প্রথম কোনো আক্রমণে মনে হলো অস্ট্রিয়া কিছু একটা করে বসতেও পারে।
০২ জুলাই ২০২৬, ১৯:৫২ পিএম
এগিয়ে থেকে বিরতিতে স্পেন
বিরতির আগে গোলের ব্যবধান বাড়ানোর অন্তত দুবার সুযোগ পেয়েছিল স্পেন। দুটোই আবার একই আক্রমণে। অ্যালেক্স বায়েনার ফ্রি কিক দারুণভাবে ঠেকিয়েছিলেন অস্ট্রিয়া গোলরক্ষক অ্যালেক্সান্ডার শ্লাগার। ফিরতি সুযোগ গিয়ে পড়ে ইয়ামালের পায়ে, তবে তার শটও ঠেকিয়ে দেন শ্লাগার। ইয়ামালের শটটা অবশ্য আরও ভালো হতে পারত।
তবে সে যাই হোক, গোলের দেখা আর পায়নি স্পেন। তাই ১-০ গোলের ব্যবধানে সন্তুষ্ট হয়েই বিরতিতে যেতে হচ্ছে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নদের।
০২ জুলাই ২০২৬, ১৯:৪১ পিএম
ওইয়েরজাবালে ভর করে ১৬ বছর পর নকআউটে গোল পেল স্পেন
উইংয়ে বল গেলে যেন অস্ট্রিয়ার সেন্টার ব্যাকরা ঘুমিয়েই পড়েন! গ্রুপ পর্বে লিওনেল মেসি যেভাবে গোল করেছিলেন, ঠিক তেমনই সেটআপে গোলটা করলেন মিকেল ওইয়েরজাবাল, তবে তার গোল এল আরও সহজে। বাম পাশ থেকে কুকুরেলার কাটব্যাক ফাঁকায় দাঁড়িয়ে পেয়েছিলেন ওইয়েরজাবাল। সেটাই আলতো টোকায় জড়ালেন প্রায় ফাঁকা জালে।
তাতে একটা খরা কাটল স্পেনের। ২০১০ বিশ্বকাপ ফাইনালে আন্দ্রেস ইনিয়েস্তার গোলের পর নিজেদের পা থেকে একটা গোলও বিশ্বকাপের নকআউটে করতে পারেনি স্পেন। ২০১৪ বিশ্বকাপের নকআউটের আগেই বিদায় নিয়েছিল স্প্যানিশরা। ২০১৮ বিশ্বকাপে রাশিয়ার বিপক্ষে শেষ ১৬তে গোল পেলেও সেবার তারা সেটা পেয়েছিল আত্মঘাতী গোলের কল্যাণে। ২০২২ বিশ্বকাপের শেষ ১৬ তে তো গোলই হয়নি।
এরপর এবার ওইয়েরজাবাল। ১৬ বছর পর তাই নিজেদের কোনো খেলোয়াড় থেকে গোলের দেখা পেল স্পেন।
০২ জুলাই ২০২৬, ১৯:৩৩ পিএম
বল জালে জড়িয়েও গোলের দেখা পেল না স্পেন
৩০ মিনিটে ইয়ামালের কর্নার থেকে মার্ক কুকুরেলা বল জালে জড়িয়ে দিয়েছিলেন। তবে ভিএআর যাচাইয়ে দেখা গেল, গোলটি হওয়ার আগে স্পেনের একজন খেলোয়াড় গোলরক্ষককে ফাউল করেছিলেন। বল জালে জড়িয়েও গোলের দেখা পেল না স্পেন!
০২ জুলাই ২০২৬, ১৯:২৭ পিএম
হাইড্রেশন ব্রেকের আগে গোল পেল না কোনো দলই
‘কোয়ার্টার’ই বলা শুরু করা যায় নাকি? দুই হাইড্রেশন ব্রেক আর এক প্রথমার্ধ বিরতি ৯০ মিনিটের ম্যাচকে এখন ৪ ভাগে ভাগ করে ফেলেছে, এখন তো কোয়ার্টার বলাই যায়!
সে যাই হোক, হাইড্রেশন ব্রেকের আগে দুই দলই বলের দখল উপভোগ করেছে বেশ করে। কিন্তু গোলের দেখা কোনো দলই পায়নি। বলা ভালো, পরিষ্কার গোলের সুযোগ কোনো দলই বের করতে পারেনি, গোল হবে কী করে!
০২ জুলাই ২০২৬, ১৮:৫৯ পিএম
অস্ট্রিয়া দলে ৩ পরিবর্তন
আলজেরিয়া ম্যাচ থেকে আজকের একাদশে অস্ট্রিয়া এনেছে ৩টি পরিবর্তন। ফিলিপ লিনহার্ট, ফিলিপ মওয়েনে এবং মার্কো আর্নাতোভিচের পরিবর্তে দলে এসেছেন কেভিন ডানসো, পল ওয়েনার এবং মাইকেল গ্রেগোরিটস।
অস্ট্রিয়া একাদশ-
আরনল্ড শ্লাগার;
পোশ, ড্যানসো, আলাবা, লাইমার;
সেভাল্ড, শাভের শ্লাগার, শ্মিড, ওয়েনার, সাবিতজার;
গ্রেগরিটস
০২ জুলাই ২০২৬, ১৮:৫৬ পিএম
২ পরিবর্তন নিয়ে মাঠে নামছে স্পেন
গ্রুপ পর্বের শেষ ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছিল স্পেন। সেই একাদশ থেকে আজ দুটি পরিবর্তন এনেছেন কোচ দে লা ফুয়েন্তে। মিকেল মেরিনো এবং মার্কোস ইয়োরেন্তের পরিবর্তে দলে এসেছেন দানি অলমো এবং পেদ্রো পোরো।
স্পেন আজও খেলবে ৪-৩-৩ ছকেই।
স্পেন একাদশ-
সিমন;
পোরো, কুবারসি, লাপোর্তে, কুকুরেলা;
পেদ্রি, রদ্রি, অলমো;
ইয়ামাল, ওইয়ারজাবাল, বায়েনা।
