Logo
Logo
×
   

খেলা

সুইজারল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনাকে আশা দেখাচ্ছে যে ইতিহাস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১১:৩৮ পিএম

সুইজারল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনাকে আশা দেখাচ্ছে যে ইতিহাস

সবশেষ দেখায় লিওনেল মেসির পাসে আনহেল দি মারিয়ার গোলে সুইজারল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা/সংগৃহীত

এবারের বিশ্বকাপে আর বাকি মোটে ৬ ম্যাচ। এর বেশিরভাগ ম্যাচেই দুই ইউরোপিয়ান দল মুখোমুখি হওয়া নিশ্চিত। তবে ব্যতিক্রম হচ্ছে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ। ২০২২ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা এবার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে সুইসদের।

সব প্রতিযোগিতা মিলিয়ে আর্জেন্টিনা অষ্টমবারের মতো মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ডের। এর আগে বিশ্বকাপে দুইবার মুখোমুখি হয়েছিল দুই দল। সব মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে আর্জেন্টিনা। যদিও বিশ্বকাপে যেকোনো কিছুই সম্ভব। আর্জেন্টিনার বিপক্ষে এখনো প্রথম জয়ের খোঁজে সুইজারল্যান্ড, যদিও অতীতে তারা সমতা ফেরাতে পেরেছে কয়েকবার।

১৯৬৬ সালে প্রথম দেখার পর থেকে এখন পর্যন্ত সাতবার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড, যার মধ্যে দুটি ছিল বিশ্বকাপে। সবশেষ বিশ্বকাপে তাদের দেখা হয়েছিল ২০১৪ সালে, যা ছিল সব প্রতিযোগিতা মিলিয়েও তাদের সবশেষ মুখোমুখি লড়াই।

এই সাতবারের দেখায় সুইজারল্যান্ডের বিপক্ষে একবারও হারেনি আর্জেন্টিনা। প্রতিবারই হয় জিতেছে, নাহয় ড্র করেছে তারা। সবমিলিয়ে আর্জেন্টিনা করেছে ১৫ গোল, বিপরীতে সুইজারল্যান্ডের গোলসংখ্যা মাত্র তিনটি।

উয়েফা ও কনমেবল ভিন্ন সংস্থার অধীনে থাকায় খুব একটা পরিচিত প্রতিপক্ষ নয় আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। তাদের ফুটবল ইতিহাসে এই সাতবারের দেখায় ৫ জয় ও ২ ড্রয়ে অপরাজিত আর্জেন্টিনা।

সবশেষ ২০১৪ সালে ব্রাজিলে ১-০ গোলে সুইজারল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা। তাদের সাতটি ম্যাচের মধ্যে পাঁচটিই ছিল আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। আর ২০০৭ সালের পর থেকে আর্জেন্টিনার বিপক্ষে একটি পয়েন্টও অর্জন করতে পারেনি সুইজারল্যান্ড।

বিশ্বকাপের মুখোমুখি লড়াইয়ে ২-০ ব্যবধানে এগিয়ে আর্জেন্টিনা। ২০১৪ সালে শেষ ষোলোর ম্যাচ এবং ১৯৬৬ বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচ, দুটিতেই জিতেছিল তারা।

সবশেষ ২০১৪ ব্রাজিল বিশ্বকাপেই মুখোমুখি হয়েছিল দুই দল। শেষ ষোলোর সেই ম্যাচে খুবই আঁটসাঁট এক লড়াই হয়েছিল দুই দলের মধ্যে।

সুইজারল্যান্ডের পাঁচজনের মিডফিল্ড ভেদ করতে বেশ কষ্ট করতে হয়েছিল আর্জেন্টিনাকে। অতিরিক্ত সময়ের ১১৮ মিনিটে, পেনাল্টি শুটআউট শুরুর মাত্র দুই মিনিট বাকি থাকতে, ডিফেন্ডারদের এড়িয়ে দলকে এগিয়ে নেন মেসি। 

এরপর বাঁ পায়ে উইঙ্গার আনহেল দি মারিয়াকে বল বাড়ান তিনি। কোনো সময় নষ্ট না করেই বল জালের নিচের কোণে জড়িয়ে দেন দি মারিয়া। এটাই ছিল ম্যাচের একমাত্র গোল। সেই গোলেই জিতেছিল আর্জেন্টিনা। কাল সকালে আবার যখন শেষ আটের লড়াইয়ে নামবে দলটি, তখনও নিশ্চয়ই একই ফলাফল চাইবেন লিওনেল মেসি।

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম