Logo
Logo
×
   

খেলা

টুখেল-বেলিংহাম দ্বন্দ্বের গুঞ্জন উড়িয়ে দিলেন কেইন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৩:৪৮ এএম

টুখেল-বেলিংহাম দ্বন্দ্বের গুঞ্জন উড়িয়ে দিলেন কেইন

ইংল্যান্ডের প্রধান কোচ টমাস টুখেল এবং জুড বেলিংহামের মধ্যে কোনো ধরনের দ্বন্দ্বের গুঞ্জনকে সরাসরি উড়িয়ে দিয়েছেন অধিনায়ক হ্যারি কেইন। তিনি জানান, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে জয়ের পর তাদের মধ্যকার একটি সংক্ষিপ্ত কথোপকথনকে সংবাদমাধ্যম বাড়িয়ে বলছে।

নরওয়েকে ২-১ ব্যবধানে হারানোর পর টুখেল যখন মন্তব্য করেন যে ইংল্যান্ড ভাগ্যগুণে জিতেছে এবং তিনি দলের পারফর্ম্যান্সে ‘সব দিক থেকে’ সন্তুষ্ট নন। তখন থেকেই দলের অভ্যন্তরীণ মেলবন্ধন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। ম্যাচ শেষ হওয়ার পরপরই কোচের এই সমালোচনা নিয়ে বেলিংহামকে জিজ্ঞেস করা হলে, তার প্রতিক্রিয়া দেখে মনে হয়েছিল তিনি বেশ অসন্তুষ্ট। 

বুধবার রাতে আটলান্টায় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালের মহারণের আগে এই ঘটনাটি ইংল্যান্ড শিবিরে উত্তেজনার পারদ বাড়িয়ে দিলেও, কেইন এই ধরনের গুঞ্জনকে পুরোপুরি নাকচ করে দিয়েছেন। বিবিসির বরাতে এমন সংবাদ প্রচার করেছে বার্তা সংস্থা রয়টার্স।

বিবিসি স্পোর্টসকে কেইন বলেন, ‘আপনি যখন ওই রকম একটা ম্যাচ খেলবেন এবং ম্যাচ শেষের বাঁশি বাজার পাঁচ মিনিট পরই আপনাকে এমন একটা প্রশ্ন করা হবে- যেখানে জুড নিজেই জানত না আসলে ঠিক কী বলা হয়েছে, তখন আপনি তার কাছ থেকে কী শুনতে চান?’

তিনি আরও বলেন, ‘আমরা কেবলই একটা যুদ্ধ পার করে এসেছি। এরকম একটা বিভাজন তৈরি করার চেষ্টা করা খুবই সহজ কাজ। বড় টুর্নামেন্টগুলোতে ইংল্যান্ডের ক্ষেত্রে এমনটা করা যেন একটা রেওয়াজে পরিণত হয়েছে। কিন্তু বাস্তবতা এর সম্পূর্ণ উল্টো।’  

কেইন বলেন, ‘আমাদের দলের এই ঐক্যবদ্ধতার কারণেই আমরা আজ এই অবস্থানে আসতে পেরেছি। এখানে শুধু খেলোয়াড়রা নয়, কোচ এবং সাপোর্ট স্টাফ সবাই এক সুতোয় গাঁথা। মাঝে মাঝে সাধারণ বিষয়গুলোকে অনেক বেশি বাড়িয়ে দেখানো হয়।’

পরপর দুই ম্যাচে দুটি করে গোল করা ২৩ বছর বয়সি বেলিংহাম বলেছিলেন, ‘হ্যাঁ, ঠিক আছে, যা ইচ্ছা তাই। আর্লিং হলান্ড, মার্টিন ওডেগার্ড, নুসা, সরলথদের বিরুদ্ধে এই ধরনের পরিস্থিতিতে খেলার অভিজ্ঞতা কেমন, সেটা হয়তো ওনার (টুখেল) জানা নেই। এই দলের বিপক্ষে খেলা মোটেও সহজ কাজ নয়।’ 

কেইন অবশ্য জানান যে, ইংল্যান্ডের খেলোয়াড়রা তাদের জার্মান ম্যানেজারের সততা এবং সরাসরি কথা বলার ধরণকে পছন্দ করেন।

কেইন বলেন, ‘তিনি মনে যা আসে তা সরাসরি বলে দেন এবং সবাই সেটা পছন্দ করে। তিনি যখন কথা বলেন, তা কখনও আগে থেকে সাজানো থাকে না। এই বৈশিষ্ট্যই তাকে অনন্য করে তুলেছে। যখন কোনো কথা মন থেকে আসে, তখন আপনি সেটা বিশ্বাস করবেন, তার কথা এবং রণকৌশলের ওপর আপনার আস্থা আসবে।’

কেইন আরও বলেন, ‘তিনি যে পৃথিবীর অন্যতম সেরা ম্যানেজার, তার পেছনে যথেষ্ট কারণ আছে। আমরা বিষয়টি বুঝি। গত দুই বছর ধরে আমরা তাকে খুব কাছ থেকে চিনি এবং ভালো করেই জানি কোন জিনিসটা তাকে আনন্দ দেয়।’

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম