Logo
Logo
×
   

খেলা

দায়িত্ব নিয়েই পদত্যাগের হুমকি দিলেন জার্মানির নতুন কোচ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৯:৪৬ এএম

দায়িত্ব নিয়েই পদত্যাগের হুমকি দিলেন জার্মানির নতুন কোচ

সংগৃহীত

২০২৬ বিশ্বকাপে শেষ বত্রিশে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় নেওয়া জার্মানি নতুন কোচ হিসাবে বেছে নিল স্বদেশি ইয়ুর্গেন ক্লপকে। ডর্টমুন্ড ও লিভারপুলের সাবেক কোচ ৫৬ বছর বয়সি চার বছরের চুক্তিতে নিয়োগ পেয়েছেন। নতুন দায়িত্ব নেওয়ার পর শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, তার লক্ষ্য ২০৩০ বিশ্বকাপ জেতা। তার আগে ২০২৮ ইউরোতেও একই সাফল্য চান তিনি। বিশ্বকাপে বিপর্যয়ের পর জার্মানির কোচের পদে ইস্তফা দেন জুলিয়ান নাগলসমান। তার স্থলাভিষিক্ত হলেন ক্লপ।

জার্মানিকে হারানো গৌরব ফিরিয়ে দেওয়ার প্রত্যয় যেমন তার কণ্ঠে, তেমনি একটি কঠিন শর্তও দিয়েছেন ক্লপ। বলেছেন, ‘যেদিন আপনারা আমাকে চান না, বলে দেবেন। আমি চলে যাব। আমাকে কোনো ক্ষতিপূরণ দিতে হবে না।’ তিনি যোগ করেন, ‘প্লিজ, আমার পরিবারকে শান্তিতে থাকতে দেবেন। যদি না দেন, অভব্য আচরণ করেন, সঙ্গে সঙ্গে আমি দায়িত্ব ছেড়ে দেব। যদি বলেন, আমি একটি আবর্জনা, এক মুহূর্তও থাকব না।’

প্রথমবার কোনো জাতীয় দলের দায়িত্ব নিয়ে এই জার্মান কোচ এও বলেন যে, ‘এটা আমার জন্য অনেক বড় সম্মান। নিঃসন্দেহে এটা আমার জীবন ও ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন। জার্মানির ফুটবলে সুদিন ফেরাতে আমি নিজের সবটুকু উজাড় করে দেব।’

চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি গত এক যুগ ধরে ব্যর্থতার চোরাবালিতে হাবুডুবু খাচ্ছে। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপপর্ব থেকে বিদায় নেওয়ার পর এবার থামতে হয়েছে শেষ বত্রিশে। এই সময়ে ইউরোতেও কোনো সাফল্য নেই জার্মানদের। ক্লপের সামনে তাই কঠিন চ্যালেঞ্জ। তবে এমন চ্যালেঞ্জ নিতেই তিনি ভালোবাসেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম