একসময় নতুন বল হাতে ব্যাটারদের জন্য আতঙ্কের নাম ছিলেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি।
|
ফলো করুন |
|
|---|---|
একসময় নতুন বল হাতে ব্যাটারদের জন্য আতঙ্কের নাম ছিলেন পাকিস্তানের বাম হাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। তবে সাম্প্রতিক সময়ে তার বোলিংয়ে সেই ধার আর দেখা যাচ্ছে না। বলের গতি কমেছে, আগের মতো সুইংও পাচ্ছেন না। ফলে প্রতিপক্ষের ওপর আগের মতো প্রভাব বিস্তার করতেও ব্যর্থ হচ্ছেন তিনি। শাহিনের এমন পারফরম্যান্সের পেছনে কারণ হিসেবে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ঘাটতিকেই দায়ী করেছেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির।
উইজডেনের ‘দ্য স্কুপ’ অনুষ্ঠানে আমির বলেন, সব ফরম্যাটে দীর্ঘ সময় ধরে বিরামহীনভাবে খেলানোর কারণেই শাহিনের গতি, ধারাবাহিকতা ও ফিটনেসে নেতিবাচক প্রভাব পড়েছে। তার মতে, পাকিস্তানের ফাস্ট বোলারদের ক্ষেত্রে সঠিকভাবে ওয়ার্কলোড নিয়ন্ত্রণ করা হয়নি, যার ফল এখন ভোগ করতে হচ্ছে শাহিনকে।
চলমান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের পাকিস্তান দলেও জায়গা হয়নি শাহিনের। ২০২৩ সালে হাঁটুর চোট কাটিয়ে ফেরার পর থেকেই টেস্ট ক্রিকেটে তিনি নিজের সেরা ছন্দে ফিরতে পারেননি। চোটের পর ১৬ ইনিংসে তার শিকার মাত্র ২৭ উইকেট। এ সময়ে তার বোলিং গড় ৪০.১১ এবং স্ট্রাইক রেট ৬৭.৬।
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের সময়ও শাহিনের বোলিং নিয়ে ব্যাপক সমালোচনা হয়। ওই সিরিজে তার বলের গতি ঘণ্টায় ১২০ কিলোমিটারের আশপাশে নেমে আসায় প্রশ্ন ওঠে তার ফিটনেস ও কার্যকারিতা নিয়ে।
আমির জানান, তিনি অনেক আগেই এমন পরিস্থিতির আশঙ্কা করেছিলেন।
তার ভাষায়, ‘গুগল বা ইউটিউবে খুঁজলেই সেই সাক্ষাৎকার পাওয়া যাবে। ২০২০ কিংবা ২০২১ সালে আমি বলেছিলাম, শাহিনকে যেভাবে টানা খেলানো হচ্ছে, একসময় সে সমস্যায় পড়বে।’
তিনি আরও বলেন, ‘সে গতি, ধারাবাহিকতা ও ফিটনেস—সব দিক থেকেই ভুগবে। এখনও তার বয়স কম। এই সময় তার ক্যারিয়ারের সেরা পর্যায়ে থাকার কথা। কিন্তু বাস্তবতা ভিন্ন। এর সবচেয়ে বড় কারণ সঠিক ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অভাব।’
পরিসংখ্যানও আমিরের বক্তব্যকে সমর্থন করে। অভিষেকের পর থেকে ২০২২ সালের জুলাইয়ে চোট পাওয়ার আগ পর্যন্ত শাহিন টেস্ট ক্রিকেটে বল করেছেন ৮০৯.৪ ওভার, যা ওই সময় পাকিস্তানের যেকোনো বোলারের মধ্যে সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ৬০৬.২ ওভার বল করেছেন স্পিনার ইয়াসির শাহ। আর পেসারদের মধ্যে হাসান আলি করেছেন মাত্র ৪২৭.৩ ওভার।
বর্তমানে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে ক্যান্ডি রয়্যালসের হয়ে খেলছেন শাহিন। সেখানে চার ম্যাচে তিনি নিয়েছেন ৭ উইকেট। তার বোলিং গড় ১৯.১৪ এবং ইকোনমি রেট ৮.৯৩।

-6a69a84b83339.jpg)