ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানের হার, সতীর্থদের দুষছেন বাবর
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৭:৩৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যাটিং ব্যর্থতার জন্য প্রথম টেস্টে হেরেছে পাকিস্তান ক্রিকেট দল। চতুর্থ ইনিংসে ২১১ রানের লক্ষ্য তাড়ায় পাকিস্তান হেরেছে ৯০ রানে।
প্রথম টেস্টে পরাজয়ের পর পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক বাবর আজম বলেছেন, ‘ফল আমাদের হাতে ছিল না। তবে গত দুই দিনে আমরা ভালো ক্রিকেট খেলেছি। কিন্তু আজ (গতকাল) ব্যাটিং ইউনিট হিসেবে আমরা মোটেও প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। আমরা একের পর এক উইকেট হারিয়েছি। ব্যাটিং বিভাগ পুরোপুরি ব্যর্থ।’
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তান টেস্ট অধিনায়ক বলেন, ‘উইকেট ভালোই ছিল। আমরা জানতাম নতুন বলে কিছুটা মুভমেন্ট থাকবে। এখানে এমনটা স্বাভাবিক এবং আমরা সে জন্য প্রস্তুতও ছিলাম। কিন্তু আমার মনে হয় তারা (ওয়েস্ট ইন্ডিজ) খুব ভালো বোলিং করেছে এবং কন্ডিশনকে দারুণভাবে কাজে লাগিয়েছে। চতুর্থ দিনের দিকে বল কিছুটা নিচু হয়ে আসছিল এবং অনিয়মিত বাউন্স করছিল। আমরা কোনো জুটি গড়ে তুলতে পারিনি। এ কারণেই ম্যাচটি হেরেছি।’
বাবর আরও বলেন, ‘হ্যাঁ, এটা (মাসুদের আঙুলের চোট) আমাদের জন্য কষ্টদায়ক ছিল। কারণ, দুর্ভাগ্যবশত ওর আঙুলটা ভালো অবস্থায় নেই। এটা ভেঙে গেছে। আমরা তাই তার অভাবটা অবশ্যই অনুভব করেছি।’
ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে টস জিতে প্রথমে ইনিংসে ব্যাট করে শাই হোপ ও কেভিন হজের ৯২ ও ৮৪ রানের ইনিংসে ভর করে ৩১১ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে শান মাসুদের (১০৯) সেঞ্চুরিতে ভর করে ৩ উইকেটে ২৪৪ রান করা পাকিস্তান; এরপর মাত্র ৩৮ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে ২৮২ রানে অলআউট হয়।
প্রথম ইনিংসে ২৯ রানের লিড পায় উইন্ডিজ; দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৮১ রানে অলআউট হয়। জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ২১১ রান।
টার্গেট তাড়া করতে নেমে অধিনায়ক বাবর আজম (৫৮*) উইকেটের এক প্রান্ত আগলে রাখলেও অন্য প্রান্তের ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মিছিলে অংশ নেওয়ায় ১২০ রানে অলআউট হয় পাকিস্তান। ৯০ রানে জয় পায় উইন্ডিজ।
