হামজার মুখোমুখি হওয়া হচ্ছে না ওয়াহিদের, গেলেন নতুন ক্লাবে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১০:৩৬ এএম
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ দলে অভিষেকের প্রহর গুনছেন ফারহান আলী ওয়াহিদ। তবে তার আগেই একটা সুযোগ হয়েছিল হামজা চৌধুরীর বিপক্ষে খেলার। ইএফএল ট্রফিতে মুখোমুখি হওয়ার কথা তার দল ফুলহ্যাম ও হামজার লেস্টার সিটির। তবে সেটা এখন হচ্ছে না। নতুন ঠিকানায় গেলেন ওয়াহিদ।
আগামী ২২ সেপ্টেম্বর ইংল্যান্ডে ইএফএল ট্রফিতে মুখোমুখি হওয়ার কথা ছিল লেস্টার সিটি ও ফুলহ্যাম অনূর্ধ্ব-২১ দলের। সেই ম্যাচে হামজা খেলতেন লেস্টারের হয়ে, ফারহান খেলতেন ফুলহ্যামের হয়ে। তবে এখন সেই সমীকরণ বদলে গেছে।
ফুলহ্যামের মূল দলে অভিষেকের মাত্র দুই সপ্তাহের মধ্যেই ঠিকানা বদলে গেল ওয়াহিদের। এক মৌসুমের ধারের চুক্তিতে তাকে ইংল্যান্ডের পঞ্চম স্তরের ক্লাব বোরহ্যাম উডে পাঠিয়ে দিয়েছে ফুলহ্যাম।
গত ২৫ জুলাই প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে নরউইচ সিটির বিপক্ষে ফুলহ্যামের মূল দলে অভিষেক হয় ফারহানের। এরপর আল আহলি ও ফারেসির বিপক্ষেও খেলেন তিনি। এতে অনেকে ভেবেছিলেন, নতুন মৌসুমে ক্লাবের পরিকল্পনায় থাকবেন এই তরুণ উইঙ্গার। কিন্তু তা হয়নি।
বোরহ্যাম উড গত মৌসুমে ন্যাশনাল লিগ প্লে-অফ ফাইনালে উঠেছিল। শনিবার ঘরের মাঠে ট্যামওয়ার্থের বিপক্ষে নতুন মৌসুম শুরু করবে দলটি।
তবে সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে ফারহানকে জাতীয় দলে যুক্ত করার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে বাফুফে। তা হলে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে হামজা-ফারহান জুটি একসঙ্গে মাঠে নামার সম্ভাবনা তৈরি হতে পারে।
