|
ফলো করুন |
|
|---|---|
আইসিসির মাসসেরার দৌড়ে আছেন বাংলাদেশ দলের তারকা ওপেনার তানজিদ হাসান তামিম। এই তালিকায় আরও আছেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান ও অধিনায়ক হ্যারি ব্রুক এবং ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভস।
জিম্বাবুয়ের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেন তানজিদ হাসান তামিম। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জুলাই ২০২৬-এর সেরা পুরুষ ক্রিকেটার হওয়ার সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের এই তরুণ ওপেনার।
সোমবার (১০ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে তিনজনের এই সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৫৩ গড় এবং ৮৯.৮৩ স্ট্রাইক রেটে ১৫৯ রান সংগ্রহ করেন ওপেনার তামিম। একই ফর্ম টি-টোয়েন্টি সিরিজেও বজায় রেখে ৭০ গড়ে এবং ১২৭.২৭ স্ট্রাইক রেটে ১৪০ রান করেন।
ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলের অধিনায়ক ব্রুক ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে তাণ্ডব চালিয়েছেন। ৫ ম্যাচে ১১৪.৫০ অবিশ্বাস্য গড় এবং ২১৪.০১ স্ট্রাইক রেটে ২২৯ রান তুলে তিনি সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন এবং ওডিআই ও টি-টোয়েন্টি উভয় সিরিজেই ইংল্যান্ডের জয়ে মূল ভূমিকা রাখেন।
অন্যদিকে, ক্যারিবীয় অলরাউন্ডার জাস্টিন গ্রিভস জুলাই মাসে টেস্টে অলরাউন্ড পারফরম্যান্সে নজর কেড়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৮০ রানের চমৎকার ইনিংস খেলে ম্যাচ ড্র করতে অবদান রাখেন, যা শেষ পর্যন্ত উইন্ডিজকে ১-০ ব্যবধানে সিরিজ জয় এনে দেয়। এছাড়া তারোবায় পাকিস্তানের বিরুদ্ধে বোলিংয়ে এক ইনিংসে ৫/২৭ এবং দ্বিতীয় ইনিংসে ২/১২ উইকেটের চোখধাঁধানো স্পেল করে ওয়েস্ট ইন্ডিজকে জয়ে ফেরান। জুলাই মাসে খেলা ২ টেস্টে গ্রিভস ৭১.৬৬ গড়ে ২১৫ রান করার পাশাপাশি মাত্র ১০.২৫ গড়ে ৮টি উইকেট শিকার করেন।
