Logo
Logo
×
   

খেলা

ভারতের বাংলাদেশ সফর কি হবে? যা বললেন আমিনুল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০২:৪৩ পিএম

ভারতের বাংলাদেশ সফর কি হবে? যা বললেন আমিনুল

সংগৃহীত

আগামী মাসে ভারতের ছয় ম্যাচের ক্রিকেট সফর নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এই সফর বাঁচাতে তৎপর হয়েছে বাংলাদেশ। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীকেও এই বিষয়ে যুক্ত করা হয়েছে।

এই সিরিজে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ থাকার কথা। মূলত এই সিরিজ গত বছরের আগস্টে হওয়ার কথা ছিল। কিন্তু ঢাকা ও দিল্লির মধ্যে রাজনৈতিক সম্পর্ক তিক্ত হয়ে যাওয়ায় সিরিজটি পিছিয়ে যায়।

বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আমিনুল হক সোমবার রাতে বলেন, ‘ভারতের হাই কমিশনার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন। আজ পররাষ্ট্রমন্ত্রীরও প্রতিমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তারাও খুব আশাবাদী যে গত টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে যে দোটানা তৈরি হয়েছে তা খুব দ্রুতই সমাধান করতে পারবো। এখন পর্যন্ত আশাবাদী, বাংলাদেশ-ভারত সিরিজটি দুই পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে আলোচনা হয়েছে এর মাধ্যমে সমাধান করে ফেলতে পারবো।’

২০২৪ সালে বাংলাদেশে গণঅভ্যুত্থানের পর থেকে ঢাকা ও দিল্লির মধ্যে সম্পর্কে টানাপোড়েন চলছে। এই অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হয়। এরপর তিনি ভারতে চলে যান। ভারত দীর্ঘদিনের মিত্র দেশ হওয়ায় তিনি এখনো সেখানেই আত্মগোপনে আছেন।

গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ নিরাপত্তার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতে দল পাঠাতে রাজি হয়নি।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বাংলাদেশের সেই ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ প্রত্যাখ্যান করে। পরে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে নেওয়া হয়।

আমিনুল হক বলেন, ‘বিশ্বকাপ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, আমরা তা দ্রুত সমাধান করতে চাই।’ তিনি আরও বলেন, ‘আল্লাহ চাইলে আশা করছি, খুব শিগগিরই এর সমাধান হবে।’

২০২২ সালে সর্বশেষ ভারত বাংলাদেশ সফরে আসে। সেই সফরে দুই টেস্টের সিরিজে ভারত ২-০ ব্যবধানে জেতে। তবে ওয়ানডে সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে জয় পায়।

২০২৪ সালের সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশ ভারত সফরে যায়। সেই সফরে দুটি টেস্ট এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচ ছিল। দুই ফরম্যাটেই ভারত পুরো সিরিজ জিতে নেয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম