‘৯০ মিনিট খেলার মতো ফিটনেস লিভারপুলের খেলোয়াড়দের নেই’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৫:১২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ক্লাব ফুটবলের নতুন মৌসুম এখনও শুরু হয়নি। তবে প্রতিযোগিতামূলক ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করতে প্রাক-মৌসুমে মাঠে নেমেছে দলগুলো। এমনই এক ম্যাচে ফরাসি ক্লাব মোনাকোর কাছে ৩-২ গোলে হেরেছে সাবেক ইংলিশ চ্যাম্পিয়ন লিভারপুল। ম্যাচ শেষে অলরেডদের কোচ আন্দোনি ইরাওলা স্বীকার করেছেন, এখনো ৯০ মিনিটের পুরো ম্যাচ খেলার মতো ফিটনেস অর্জন করতে পারেননি তার দলের ফুটবলাররা।
এর আগে আর্নে স্লটের সঙ্গে মাত্র দুই মৌসুম কাটিয়েই লিভারপুলের পথচলা শেষ হয়। তার অধীনে প্রথম মৌসুমেই ইংলিশ লিগের শিরোপা জিতে চমক দেখিয়েছিল দলটি। কিন্তু পরের মৌসুমে আলেক্সান্ডার ইসাক ও ফ্লোরিয়ান ভির্টজের মতো প্রতিভাবান খেলোয়াড়দের কাছ থেকেও প্রত্যাশিত পারফরম্যান্স পাওয়া যায়নি। নতুন কোচ ইরাওলার অধীনেও এখনো পুরোপুরি ছন্দে ফিরতে পারেনি লিভারপুল।
যদিও মোনাকোর বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে ২-০ গোলে এগিয়ে ছিল ইংলিশ ক্লাবটি। কিন্তু দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় মোনাকো।
ম্যাচ শেষে লিভারপুল কোচ ইরাওলা বলেন, ‘আমার মতে প্রথমার্ধে আমরা সত্যিই ভালো খেলেছি, বিশেষত শুরুর ৩০ মিনিট। তবে এভাবে খেলার জন্য যে মানের প্রয়োজন, সম্ভবত এই মুহূর্তে আমাদের তা আর ধরে রাখার সামর্থ্য নেই। এরপর দ্বিতীয়ার্ধে তারা অনেক ভালো খেলেছে। ঠিক যেভাবে প্রথমার্ধে আমরা ভালো খেলেছি, দ্বিতীয়ার্ধে তারা অনেক ভালো খেলেছে। আর হ্যাঁ, ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার কৃতিত্ব তাদেরই প্রাপ্য।’
লিভারপুলের বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলার এই ম্যাচ দিয়েই প্রথমবারের মতো প্রাক-মৌসুমে মাঠে নামেন। তাদের শারীরিক প্রস্তুতি এখনো পুরোপুরি সম্পন্ন হয়নি বলে জানান ইরাওলা।
তিনি বলেন, ‘আমার মনে হয় তাদের দক্ষতার স্তর ভিন্ন হলেও, সামগ্রিকভাবে তারা ভালো অবস্থানেই ছিল। বিশেষ করে যাদের জন্য এটি ছিল প্রথম বা দ্বিতীয় ম্যাচ, তাদের মধ্যে বেশ উদ্দীপনা ও প্রাণশক্তি দেখা গেছে। সমস্যা হলো, সম্ভবত ৯০ মিনিট খেলার মতো প্রয়োজনীয় শক্তি বা স্ট্যামিনা তাদের এখনও হয়নি এবং দ্রুতই ক্লান্ত হয়ে পড়ছে। তাদের প্রস্তুত হতে সময় লাগবে। তাদের নিয়ে আরও অনুশীলনের প্রয়োজন।’
ফিটনেসের পাশাপাশি লিভারপুলকে কিছু চোটের সমস্যাও সামলাতে হচ্ছে। জো গোমেজ, জিওভান্নি লিওনি ও নতুন সাইনিং জেরেমি জ্যাকুয়েট বর্তমানে চোটে রয়েছেন। এ ছাড়া কোমরের সমস্যার কারণে মোনাকোর বিপক্ষে খেলতে পারেননি কার্টিস জোনস।
তবে বার্সেলোনা থেকে ধারে দলে যোগ দেওয়া উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহো লিভারপুলের রক্ষণভাগকে আরও শক্তিশালী করবেন বলে আশা করা হচ্ছে। দুই ক্লাবের চুক্তিতে ৫৫ মিলিয়ন পাউন্ডে আরাউহোকে স্থায়ীভাবে দলে নেওয়ার সুযোগও রাখা হয়েছে।
প্রসঙ্গত, আগামী ২৩ আগস্ট ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের প্রথম ম্যাচ খেলবে লিভারপুল। তাদের প্রতিপক্ষ নিউক্যাসল। এর আগে আরেকটি প্রাক-মৌসুম ম্যাচ খেলে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে অলরেডরা।

