Logo
Logo
×
   

খেলা

কিংসের নিষেধাজ্ঞা বেড়েই চলছে

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৬:২৮ পিএম

কিংসের নিষেধাজ্ঞা বেড়েই চলছে

মাঠে চ্যাম্পিয়ন, মাঠের বাইরে একের পর এক নিষেধাজ্ঞা। নতুন মৌসুম শুরুর আগেই বড় সংকটে  কিংস। মঙ্গলবার আরও দুটি নিষেধাজ্ঞা যোগ হওয়ায় ফিফার নিষেধাজ্ঞার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪টিতে। ফলে আসন্ন মৌসুমে দেশের বর্তমান লিগ চ্যাম্পিয়নদের অংশগ্রহণ নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা।

এত দিন খেলোয়াড় ও কোচদের পাওনা সংক্রান্ত বিষয়ে কিংসের বিরুদ্ধে ছিল ১১টি নিষেধাজ্ঞা। গত ৫ আগস্ট যোগ হয়েছিল আরও একটি। দলবদলের শেষ মুহূর্তে নতুন করে দুটি নিষেধাজ্ঞা আসায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।

এরমধ্যে মঙ্গলবার শেষ হয়েছে বাফুফের ক্লাব লাইসেন্সিং আবেদনের সময়সীমা। ফিফার নিষেধাজ্ঞায় থাকা বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনী ও ফকিরেরপুল আবেদন করতে পারেনি। ক্লাব লাইসেন্সিং ছাড়া ঘরোয়া ফুটবলে অংশ নেওয়ার সুযোগ নেই। তিন দফা সময় বাড়িয়ে ১১ আগস্ট পর্যন্ত করা হয়েছিল সময়সীমা। সেটিও পেরিয়ে গেছে।

আবাহনী অবশ্য নিষেধাজ্ঞা কাটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ক্লাবটির কর্মকর্তা সত্যজিৎ দাশ রুপু বলেন, খেলোয়াড়ের পাওনা পরিশোধ সংক্রান্ত চুক্তি অনুযায়ী অর্থ পাঠানো হয়েছে। এখন ফেডারেশনের কাছে ক্লাব লাইসেন্সিংয়ের অনুমতি চাওয়া হয়েছে।

শুধু লাইসেন্সিং নয়, খেলোয়াড় নিবন্ধন নিয়েও তৈরি হয়েছে চাপ। ১৩ আগস্টের মধ্যে অন্তত ২৩ জন ফুটবলার নিবন্ধন করাতে হবে। ২১ আগস্ট চ্যালেঞ্জ কাপ দিয়ে নতুন মৌসুম শুরুর সূচি রয়েছে। এই পরিস্থিতিতে নিবন্ধনের সময় আরও কয়েক দিন বাড়ানোর অনুরোধ জানিয়েছে আবাহনী।

১ জুন থেকে দলবদল শুরুর কথা থাকলেও কিংস ও আবাহনীর নিষেধাজ্ঞার কারণে তা পিছিয়ে জুলাইয়ের প্রথম সপ্তাহে নেওয়া হয়। আবাহনীর তিন নিষেধাজ্ঞার মধ্যে দুটি প্রত্যাহার হয়েছে, অন্যটি প্রক্রিয়াধীন। দলবদল চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত।

কিংস ও আবাহনীর অনিশ্চয়তার কারণে বিকল্প ব্যবস্থাও করেছে বাফুফে। ওয়ান্ডারার্স, ফকিরেরপুল ও আরামবাগকে প্রিমিয়ার লিগে খেলার বিশেষ সুযোগ দেওয়া হয়েছে। ফকিরেরপুল নিজের নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেষ্টা করছে। ওয়ান্ডারার্স ও আরামবাগও দল গঠনের অনুমতি দেরিতে পাওয়ায় সময় চেয়েছে ফেডারেশনের কাছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম