Logo
Logo
×
   

খেলা

ইতিহাস গড়ার পর এবার নতুন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৮:১১ এএম

ইতিহাস গড়ার পর এবার নতুন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

সংগৃহীত

ডারউইনে ইতিহাস গড়ার রেশ এখনো কাটেনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে নয় উইকেটের ঐতিহাসিক জয় উদযাপন করে দুই রাত ডারউইনে কাটিয়েছে বাংলাদেশ দল। 

সামনে এবার নতুন চ্যালেঞ্জ। আজ ১২ ঘণ্টার দীর্ঘ যাত্রা শেষে দ্বিতীয় ও শেষ টেস্টের ভেন্যু ম্যাকেইয়ে পৌঁছাবে বাংলাদেশ দল। ডারউইনের গরম আবহাওয়া থেকে ম্যাকেইয়ের অপেক্ষাকৃত ঠান্ডা পরিবেশে মানিয়ে নেওয়াই হবে নতুন চ্যালেজ্ঞ। 

তবে কন্ডিশন বদলালেও লক্ষ্য বদলাচ্ছে না। প্রথম টেস্টের পারফরম্যান্সের পুনরাবৃত্তি করে সিরিজের দ্বিতীয় ম্যাচেও অস্ট্রেলিয়াকে হারাতে চায় বাংলাদেশ।

ম্যাকেইয়ে পৌঁছে একদিন বিশ্রাম নেওয়ার পর অনুশীলনে ফিরবেন নাজমুল হোসেন শান্তরা। ২২ আগস্ট শুরু হবে দ্বিতীয় টেস্ট। তার আগে কয়েকটি অনুশীলন সেশনে নিজেদের প্রস্তুত করে নেওয়ার সুযোগ পাবেন ক্রিকেটাররা। 

অস্ট্রেলিয়ায় এখন শীতকাল হলেও ডারউইনে ছিল তীব্র গরম। সেই কন্ডিশনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে চরম অস্বস্তিতে ফেলেছিলেন বাংলাদেশের বোলাররা। এবার ঠান্ডা আবহাওয়ায় খেলতে হবে শান্তদের। 

তবে কন্ডিশনের এই পরিবর্তনকে বড় বাধা হিসবে দেখছে না বাংলাদেশ। ডারউইনের জয় থেকে পাওয়া আত্মবিশ্বাসই এখন দলের সবচেয়ে বড় শক্তি। 

রোববার অবিস্মরণীয় জয়ের পর রাতে হোটেলে উৎসবে মেতেছিল বাংলাদেশ দল। সোমবার প্রথম টেস্টের পঞ্চমদিন হওয়ার কথা থাকলেও জয় আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় ক্রিকেটাররা পেয়েছেন বিশ্রামের সুযোগ। কেউ হোটেলে, কেউ জিমে, আবার কেউ শহরে ঘুরে নিজেদের মতো করে সময় কাটিয়েছেন। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম