Logo
Logo
×
   

খেলা

সাফে আসছে বড় পরিবর্তন, ফিফার সঙ্গে মহাপরিকল্পনা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৮:৪৩ পিএম

সাফে আসছে বড় পরিবর্তন, ফিফার সঙ্গে মহাপরিকল্পনা

নভেম্বরে ঢাকায় বসবে সাফ চ্যাম্পিয়নশিপের আসর। ছবি: সংগৃহীত

আগামী নভেম্বরে ঢাকায় বসবে সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসর। টুর্নামেন্টটি আধুনিক ও আকর্ষণীয় রূপে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ)। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে যুক্ত হতে যাচ্ছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি। এর পাশাপাশি নতুন ট্রফি উন্মোচন এবং ভবিষ্যৎ আসরগুলোকে ‘ফিফা সাফ কাপ’ হিসেবে আয়োজনের জন্য ফিফার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে সংস্থাটি।

সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল ঢাকায় নির্ধারিত টুর্নামেন্টকে সামনে রেখে বৃহস্পতিবার (২০ আগস্ট) সাংবাদিকদের এই নতুন পরিকল্পনার কথা জানান। আগামী ৪ থেকে ১৭ নভেম্বর বাংলাদেশের রাজধানীতে বসবে দক্ষিণ এশিয়ার ফুটবলের এই শ্রেষ্ঠত্বের লড়াই। অক্টোবরে হবে ট্রফি উন্মোচন।   

দক্ষিণ এশীয় ফুটবলের ইতিহাসে এই প্রথম প্রযুক্তিগত বিশাল পরিবর্তন হিসেবে ভিএআর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। টুর্নামেন্টের সবকটি ম্যাচে এই প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কারিগরি মূল্যায়নের কাজ চলছে।

গত জুলাইয়ে আসরের নতুন লোগো উন্মোচনের পর আগামী অক্টোবরে নতুন একটি আধুনিক ট্রফি সবার সামনে প্রকাশ করা হবে। ম্যাচের পাশাপাশি গ্যালারির দর্শকদের মাতাতে মাঠ ও মাঠের বাইরে বেশ কিছু বিনোদনমূলক ও উৎসবমুখর কার্যক্রমের পরিকল্পনাও রাখা হয়েছে। 

আঞ্চলিক ফুটবলের এই লড়াইকে বিশ্ব দরবারে তুলে ধরতে একধাপ এগিয়ে ভাবছে সাফ। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে এ নিয়ে তারা আলোচনা শুরু করেছে। আসিয়ান কাপ আয়োজন করছে ফিফা। সাফ চ্যাম্পিয়নশিপও সেভাবে হবে কিনা জানতে চাইলে পুরুষোত্তম ক্যাটেল বলেন, ‘সরাসরি (ফিফার) অধীনে নয়, তারা যেভাবে ফিফা এশিয়ান কাপ করছে— আমরাও ফিফার সঙ্গে আলোচনা বা যোগাযোগ চালিয়ে যাচ্ছি। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে রূপ নেয়নি। একটা পরিকল্পনা রয়েছে, হয়তো আগামী আসর বা আগামী চ্যাম্পিয়নশিপে আপনারা সেটি দেখতে পারেন।’

ফিকশ্চার ও বাফুফের দায়িত্ব আয়োজক সূত্র জানিয়েছে, আগামী সপ্তাহের মধ্যে সাফের পূর্ণাঙ্গ ম্যাচ সূচি প্রকাশ করা হবে। টিকেটের দাম ও চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি এখনও নির্ধারণের অপেক্ষায়। টুর্নামেন্ট সফলভাবে বাস্তবায়নে লজিস্টিক, জরুরি চিকিৎসা সেবা ও সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 

এদিকে সাফে ঝুলে আছে নেপালের ভাগ্য। ফিফার নিষেধাজ্ঞার কারণে দলটির অংশগ্রহণ এখন প্রশ্নের মুখে। সাফের পক্ষ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে নেপালের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে তারা ‘গ্রুপ এ’-তে খেলবে। তবে নিষেধাজ্ঞা বহাল থাকলে কোনো বিকল্প দেশকে নেওয়া হবে না বলে সাফ স্পষ্ট জানিয়ে দিয়েছে।

এক নজরে সাফের দুই গ্রুপ:

গ্রুপ ‘এ’: বাংলাদেশ (স্বাগতিক), শ্রীলঙ্কা, ভুটান ও নেপাল (নিষেধাজ্ঞা উঠলে)।

গ্রুপ ‘বি’: ভারত, পাকিস্তান ও মালদ্বীপ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .