Logo
Logo
×
   

খেলা

এক মামলায় শেষ হয়ে যায় ক্রিকেট ক্যারিয়ার, অবশেষে ২২ বছর পর প্রমাণিত হলো সবই মিথ্যা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১২:১৪ পিএম

এক মামলায় শেষ হয়ে যায় ক্রিকেট ক্যারিয়ার, অবশেষে ২২ বছর পর প্রমাণিত হলো সবই মিথ্যা

ভারতের সাবেক ক্রিকেটার জ্যাকব মার্টিন।

২২ বছর পুরোনো একটি ফৌজদারি মামলায় সব অভিযোগ থেকে খালাস পেয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার জ্যাকব মার্টিন। দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট তাকে সব অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে।

২০০৪ সালে দায়ের করা একটি এফআইআরকে কেন্দ্র করে মামলাটি হয়েছিল। এতে ভারতীয় দণ্ডবিধির ৪২০, ৪৬৮, ৪৭১ ও ১২০-বি ধারার পাশাপাশি পাসপোর্ট আইনের ১২ ধারায় অভিযোগ আনা হয়। জাল যুক্তরাজ্যের অভিবাসন সিল, ভ্রমণের ব্যবস্থা এবং আর্থিক লেনদেনের সঙ্গে জ্যাকব মার্টিনের সম্পৃক্ততার অভিযোগ ছিল।

তবে আদালতে এসব অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি। আদালত বলেছে, আর্থিক লেনদেনের বিষয়ে বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি। একই সঙ্গে আজওয়া স্পোর্টস ক্লাবের মালিকানা বা নিয়ন্ত্রণ জ্যাকব মার্টিনের হাতে ছিল—এমন প্রমাণও মেলেনি। কয়েকজন সাক্ষীও তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সমর্থন করতে পারেননি।

ফলে মামলার সব অভিযোগ থেকে খালাস পান সাবেক এই ভারতীয় ক্রিকেটার। রায় ঘোষণার পর গণমাধ্যমের কাছে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি।

মার্টিন জানান, ২০০৪ সালে তার দলের এক সদস্য যুক্তরাজ্যে গিয়ে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও সেখানে অবস্থান করেন। পরে ওই ব্যক্তি জাল অভিবাসন সিল নিয়ে ভারতে ফেরার চেষ্টা করলে তাকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়।

তিনি বলেন, ‘২০০৪ সালে আমার একটি দল খেলতে যুক্তরাজ্যে গিয়েছিল। ইংল্যান্ডে খেলতে যাওয়া ওই দলের সবাই ফিরে এসেছিল, শুধু একজন ছেলে যুক্তরাজ্যে থেকে যায়। ভিসার মেয়াদ ছিল ছয় মাস। সে ছয় মাসের বেশি সেখানে অবস্থান করে। পরে কারও মাধ্যমে জাল সিল লাগিয়ে নেয়। জাল সিল লাগানোর পর ভারতে ফেরার সময় তাকে যুক্তরাজ্য থেকে বহিষ্কার করা হয়। এরপর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।’

নিজের নাম কীভাবে মামলায় জড়িয়েছে, সে বিষয়ে মার্টিন বলেন, ‘এফআইআরে আমার নামই ছিল না। কিন্তু তদন্তের সময় আমাকে এই মামলায় জড়ানো হয়। কারণ আমার নাম বড় ছিল এবং আমি একজন আন্তর্জাতিক ক্রিকেটার ছিলাম।’

দীর্ঘ আইনি লড়াইয়ে নিজের চাকরি হারানো এবং মানসিক চাপের কথাও জানান তিনি। মার্টিন বলেন, ‘মামলাটি শেষ হওয়ার পর, এখন ২২ বছর পর, এই সময়ে আমি বিসিসিআই থেকেও কোনো উত্তর পাইনি। আমি রেলে চাকরিও হারিয়েছি। এ কারণে অনেক চাপের মধ্যে ছিলাম।’

খালাসের রায়কে জীবনের বড় পরিবর্তন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘এখন যে রায় এসেছে, তাতে আমি সম্পূর্ণভাবে খালাস পেয়েছি। এটি আমার জীবনে বড় স্বস্তি এনে দিয়েছে। ২২ বছর পর পাওয়া এই রায় আমার জীবনের জন্য একটি বড় মোড়।’

ডানহাতি ব্যাটার জ্যাকব মার্টিন ভারতের হয়ে ১০টি ওয়ানডে খেলেছেন। এসব ম্যাচে তার সংগ্রহ ১৫৮ রান, ব্যাটিং গড় ২২ দশমিক ৫৭।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .