Logo
Logo
×
   

খেলা

চোট কাটিয়ে গ্র্যান্ড স্ল্যাম দিয়েই ফিরছেন আলকারাজ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৮:২০ পিএম

চোট কাটিয়ে গ্র্যান্ড স্ল্যাম দিয়েই ফিরছেন আলকারাজ

দীর্ঘ অপেক্ষার পর আবারও টেনিস কোর্টে ফিরতে চলেছেন কার্লোস আলকারাজ। ডান কবজির চোটের কারণে চার মাসেরও বেশি সময় প্রতিযোগিতামূলক টেনিসের বাইরে থাকা স্প্যানিশ এই তারকা বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনের মাধ্যমেই ফিরবেন।

নিজের প্রত্যাবর্তনের বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত করেছেন আলকারাজ। ফুটবল সাংবাদিক ফাব্রিজিও রোমানোর সঙ্গে যৌথ এক ইনস্টাগ্রাম পোস্টে নিজের ফেরার খবর জানান তিনি। রোমানো আলকারাজের একটি ছবি প্রকাশ করে তার প্রত্যাবর্তনের ঘোষণা দেন। সাতটি গ্র্যান্ড স্ল্যামজয়ী এই টেনিস তারকা পোস্টটির মন্তব্যে লেখেন, ‘হিয়ার উই গো!’

এপ্রিলের মাঝামাঝি বার্সেলোনা ওপেনে খেলতে গিয়ে ডান কবজিতে চোট পান আলকারাজ। এর ফলে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের ম্যাচেও নামতে পারেননি তিনি। এরপর চোটের কারণে ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনের পাশাপাশি উত্তর আমেরিকার হার্ডকোর্টের দুটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট—টরন্টো ও সিনসিনাটি ওপেন থেকেও সরে দাঁড়াতে হয় তাকে।

প্রথমে সিনসিনাটি ওপেন দিয়ে ফেরার পরিকল্পনা করেছিলেন ২৩ বছর বয়সি এই তারকা। গত বছর এই টুর্নামেন্টের শিরোপাও জিতেছিলেন তিনি। কিন্তু সম্পূর্ণ সুস্থ না হয়ে ফেরার ঝুঁকি নিতে চাননি আলকারাজ। তাই আরও কিছুদিন বিশ্রাম ও পুনর্বাসনের সিদ্ধান্ত নেন।

গত কয়েক সপ্তাহ ধরে ধীরে ধীরে অনুশীলনের পরিমাণ বাড়িয়েছেন আলকারাজ। চোটের অবস্থা ও কবজির সক্ষমতা যাচাই করতে স্পেনের মুরসিয়ায় ডেনমার্কের তারকা হোলগার রুনের সঙ্গে অনুশীলনও করেছেন তিনি। সেই অনুশীলনে নিজের শারীরিক অবস্থার পরীক্ষা-নিরীক্ষার পরই ইউএস ওপেনে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন আলকারাজ।

নিউইয়র্কের ফ্লাশিং মিডোজের সঙ্গে আলকারাজের সম্পর্কও বেশ বিশেষ। ২০২২ সালে মাত্র ১৯ বছর বয়সে এই কোর্টেই ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছিলেন তিনি। একই সাফল্যের সুবাদে তখন পুরুষ টেনিসের ইতিহাসে সবচেয়ে কম বয়সে এটিপি র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করার কীর্তিও গড়েন স্প্যানিশ তারকা।

দীর্ঘ বিরতির পর এবার সেই পরিচিত মঞ্চেই ফিরছেন আলকারাজ। ইউএস ওপেনে ফিরেই নিজের সেরা ছন্দ ফিরে পাওয়া এবং গত বছরের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখাই হবে তার প্রধান লক্ষ্য। একই সঙ্গে চোটের কারণে থমকে যাওয়া মৌসুমটাকেও নতুন করে জয়ের পথে ফেরাতে চান তিনি।

বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনের এবারের আসর শুরু হবে আগামী ৩০ আগস্ট।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .