আলভারেজ নয়, লাউতারোর সঙ্গে চুক্তির পথে বার্সেলোনা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৯:২৩ পিএম
হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ।
|
ফলো করুন |
|
|---|---|
হুলিয়ান আলভারেজকে পাওয়ার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে বার্সেলোনার। সেই বাস্তবতা সামনে রেখে আক্রমণভাগ শক্তিশালী করতে নতুন লক্ষ্যে এগোচ্ছে কাতালান ক্লাবটি। বার্সা কোচ হান্সি ফ্লিকের দলের নতুন পছন্দ এখন আর্জেন্টাইন তারকা লাউতারো মার্তিনেজ।
বার্সেলোনার পরিকল্পনায় শুরু থেকেই ছিলেন আলভারেজ। আর্জেন্টাইন তারকা নিজেও বার্সাতে যোগ দিতে চান। তবে তাকে ছাড়তে নারাজ আতলেতিকো মাদ্রিদ। সময় দ্রুত ফুরিয়ে আসায় আলভারাজকে পাওয়ার আশা প্রায় ছেড়ে দিয়েছে বার্সেলোনা।
স্প্যানিশ সংবাদমাধ্যম এল চিরিঙ্গাতোর দাবি, বার্সেলোনা ইতোমধ্যে লাউতারোর সঙ্গে ব্যক্তিগত শর্ত নিয়ে নীতিগত সমঝোতায় পৌঁছেছে। তার প্রতিনিধির সঙ্গে বার্সার ক্রীড়া পরিচালকদের বৈঠকের পর চুক্তির শর্তগুলোও নাকি প্রায় চূড়ান্ত হয়েছে। ওই আলোচনায় বার্সার ক্রীড়া পরিচালক দেকোর উপস্থিতিও ছিলেন।
এখন লাউতারোকে পাওয়ার জন্য তার ক্লাব ইন্টার মিলানের কাছে প্রথম আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বার্সেলোনা। আগামী কয়েক ঘন্টার মধ্যেই দেওয়া হতে পারে প্রস্তাব। তবে সেই প্রস্তাব ১০ কোটি ইউরোতে পৌঁছাবে না বলেই ধারণা করা হচ্ছে।
তবে লাউতারোকে পেতে বার্সার সবচেয়ে বড় বাধা ইন্টার মিলান। ইতালিয়ান ক্লাবটির অবস্থান পরিষ্কার—তারা তাদের অধিনায়ককে বিক্রি করতে চায় না। লাউতারো বিক্রির জন্য নয় এমন খেলোয়াড় হিসেবেই বিবেচনা করছে ইন্তার।
সময়ও বার্সার বিপক্ষে যাচ্ছে। ট্রান্সফার উইন্ডো বন্ধ হতে আর মাত্র ১০ দিন বাকি। এই সময়ে লাউতারোকে বিক্রি করলে নতুন স্ট্রাইকার খুঁজে নেওয়ার মতো পর্যাপ্ত সময় ইন্টারের হাতে থাকবে না। ফলে আর্জেন্টাইন তারকার দলবদল বাস্তবে ঘটার সম্ভাবনা এখনো বেশ কম।
তবু বার্সেলোনার পক্ষ থেকে আগ্রহ থেমে নেই। আলভারেজের সম্ভাবনা কমে যাওয়ায় লাউতারো এখন তাদের আক্রমণভাগের অন্যতম প্রধান লক্ষ্য। এর পাশাপাশি আরও কয়েকজন ফরোয়ার্ডকে নজরে রাখছে কাতালান ক্লাবটি।
ইন্টারের হয়ে ৩৭৬ ম্যাচে ১৭৫ গোল ও ৫৬টি অ্যাসিস্ট করেছেন লাউতারো। অধিনায়ক হিসেবে মাঠে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি গোল করার ধারাবাহিকতাও তাকে বার্সার কাছে আকর্ষণীয় করে তুলেছে। তবে ব্যক্তিগত শর্তে সমঝোতার খবর এলেও ইন্টারকে রাজি করানোই এখন বার্সেলোনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

