Logo
Logo
×
   

খেলা

বাংলাদেশের বিপক্ষে বিধ্বংসী ফাইফারে নতুন ইতিহাস স্টার্কের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৮:৫৫ এএম

বাংলাদেশের বিপক্ষে বিধ্বংসী ফাইফারে নতুন ইতিহাস স্টার্কের

ডারউইনে হারের পর ম্যাকাই টেস্টে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। আর শুরুতেই সেই প্রত্যাশার জানান দিলেন মিচেল স্টার্ক। বাংলাদেশের ইনিংসে মাত্র ১২ রান যোগ হতেই ৫ উইকেট তুলে নিয়ে একাই সফরকারীদের ব্যাটিং লাইনআপে ধস নামান বাঁহাতি এ পেসার।

ইনিংসের প্রথম বলেই সাদমান ইসলামকে গোল্ডেন ডাকে ফেরান স্টার্ক। এরপর একে একে তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক ও লিটন দাসকে সাজঘরে পাঠিয়ে পূর্ণ করেন ৫ উইকেট। মাত্র ২২ বলে ফাইফার নিয়ে টেস্ট ইতিহাসে দ্রুততম ৫ উইকেট শিকারের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন তিনি।

তবে দ্রুততম ফাইফারের রেকর্ডও স্টার্কেরই দখলে। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ১৫ বলেই ৫ উইকেট নিয়েছিলেন তিনি। ১৯ বলে ফাইফার নেওয়ার কীর্তি রয়েছে আর্নেস্ট টশাক, স্টুয়ার্ট ব্রড ও স্কট বোল্যান্ডের। আর ২১ বলে ৫ উইকেট নেওয়া শেন ওয়াটসনের পর এবার ২২ বলে ফাইফার করে সেই তালিকায় জায়গা করে নিলেন স্টার্ক।

বাংলাদেশের বিপক্ষে এই বিধ্বংসী স্পেলে স্টার্ক খরচ করেছেন মাত্র ৪ রান। তার শিকার হওয়া ৫ ব্যাটারের মধ্যে শুধু মুমিনুল হকই রানের খাতা খুলতে পেরেছেন।

এদিকে এই ৫ উইকেটের মাধ্যমে টেস্টে পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় আরও এক ধাপ এগিয়েছেন স্টার্ক। বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেট নিয়ে তিনি ছাড়িয়ে গেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ডেল স্টেইনকে, যার শিকার ৪৩৯ উইকেট। পেসারদের মধ্যে সর্বোচ্চ ৭০৪ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .