ব্রাজিলের বিপক্ষে ম্যাচ বয়কটের আহ্বান ভারতের সাবেক অধিনায়কের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১১:৫৯ এএম
|
ফলো করুন |
|
|---|---|
কলকাতায় ব্রাজিলের বিপক্ষে ভারতের প্রস্তাবিত প্রীতি ম্যাচ আয়োজন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন দেশটির সাবেক অধিনায়ক বাইচুং ভুটিয়া। এত বড় অঙ্কের অর্থ একটি ম্যাচে ব্যয় না করে ভারতের ফুটবলের অবকাঠামো ও খেলোয়াড় উন্নয়নে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন তিনি। একই সঙ্গে ম্যাচটি বয়কট করার জন্য ফুটবলপ্রেমীদের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক এই তারকা।
আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হওয়ার কথা ভারতের। বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ম্যাচটি আয়োজন করতে প্রায় ৬০ থেকে ৭০ কোটি রুপি ব্যয় হতে পারে।
৪২০ গ্রামসকে দেওয়া সাক্ষাৎকারে ভুটিয়া বলেন, ‘ব্রাজিলের ওই ম্যাচ বয়কট করুন। আমার মনে হয়, সেটাই হবে বড় একটি বার্তা। তখন প্রত্যেক আয়োজক ও ফেডারেশন দুবার ভাববে।’
একটি আন্তর্জাতিক তারকার দলকে নিয়ে ম্যাচ আয়োজনের পরিবর্তে এই অর্থ দীর্ঘমেয়াদি উন্নয়নে ব্যবহার করলে ভারতীয় ফুটবল বেশি লাভবান হবে বলে মনে করেন ভুটিয়া। বিশেষ করে ফুটবল অবকাঠামো, তরুণ খেলোয়াড় তৈরি এবং বিভিন্ন এলাকায় খেলার সুযোগ বাড়ানোর ওপর জোর দিয়েছেন তিনি।
পশ্চিমবঙ্গ সরকারকেও একইভাবে অর্থ ব্যয়ের আহ্বান জানিয়ে ভুটিয়া বলেন, ‘পশ্চিমবঙ্গ সরকার যদি এই ম্যাচের জন্য অর্থ দেয় বা অর্থ সংগ্রহের চেষ্টা করে, তাহলে দয়া করে সেই অর্থ ব্যয় করুন, যাতে কমনওয়েলথ গেমসে পশ্চিমবঙ্গ পরবর্তী সময়ে আরও কয়েকটি স্বর্ণপদক জিততে পারে।’
তিনি আরও বলেন, ‘তাই যখন আপনার কাছে ৩০ কোটি রুপি আছে, সেটি পরবর্তী চার বছরে বিনিয়োগ করুন, যাতে কমনওয়েলথ গেমসে ১০টি পদক জেতা যায়। আমরা এখানে অলিম্পিক আয়োজনের চেষ্টা করছি। চেষ্টা করুন, পশ্চিমবঙ্গের ক্রীড়াবিদরা যেন অলিম্পিকে গিয়ে পদক জিততে পারেন। অথবা ৩০ কোটি রুপি দিয়ে ১০০টি ফুটসাল মাঠ তৈরি করুন—সাতজনের খেলার ফুটসাল মাঠ। বিভিন্ন এলাকায় ১০০টি মাঠ তৈরি করা সম্ভব। অর্থটা যথাযথভাবে ব্যবহার করুন। একটি ৯০ মিনিটের ম্যাচে সব টাকা খরচ করে ফেলবেন না।’
ব্রাজিলের মতো বিশ্বসেরা দলের বিপক্ষে ম্যাচ ঘিরে ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হবে—এ বিষয়টি ভুটিয়াও স্বীকার করেছেন। তবে তার মতে, সাময়িক উত্তেজনার চেয়ে দেশের ক্রীড়াঙ্গনের দীর্ঘমেয়াদি উন্নয়ন অনেক বেশি গুরুত্বপূর্ণ।
ভুটিয়ার ভাষায়, ‘ম্যাচটি হলে সবাই রোমাঞ্চিত হবে, দর্শকেরা আসবেন, গণমাধ্যম থাকবে, সরকারও খুশি হবে। কিন্তু ম্যাচটি হয়ে যাওয়ার পর আপনার টাকা শেষ, আর আপনার ফুটবল ২০ বছর পিছিয়ে থাকবে।’
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

