স্টোকসও ছিলেন কার্সের সঙ্গে। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ইংল্যান্ডের ক্রিকেটে আবারও নাইটক্লাব-কাণ্ডের বিতর্ক। এবার আলোচনায় দেশটির তারকা পেসার ব্রাইডন কার্স। দলের জয় উদযাপন করতে গিয়ে নাইটক্লাবে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন। পরে অবশ্য ছেড়ে দেওয়া হয়েছে তাকে।
ঘটনাটি ঘটেছে ডার্বির মলি ম্যালোনস আইরিশ ট্যাভার্নে। ডারহামের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডার্বিশায়ারের বিপক্ষে ম্যাচ জয়ের পর সেখানে সতীর্থদের সঙ্গে উদযাপনে গিয়েছিলেন কার্স। তার সঙ্গে ছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বেন স্টোকস ও ম্যাথিউ পটস।
ওই ম্যাচে ডারহাম ৩৩৮ রানের বিশাল জয় পায়। কার্স বল হাতে নেন ২ উইকেট। অন্যদিকে স্টোকস ব্যাট হাতে দুই ইনিংসেই হাফ সেঞ্চুরি করার পাশাপাশি বল হাতে নেন ৭ উইকেট।
ঘটনার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে কার্সকে হাতকড়া পরানো অবস্থায় পুলিশের সঙ্গে যেতে দেখা যায়। ভিডিওতে তার আশপাশে স্টোকস ও পটসকেও দেখা গেছে। তবে পরে কার্সকে ছেড়ে দেওয়া হয় এবং তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি।
এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বোর্ডের এক মুখপাত্র জানিয়েছেন, ডার্বিতে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে তারা অবগত এবং বিষয়টি বর্তমানে তদন্তাধীন। তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তী সময়ে আরও তথ্য জানানো হতে পারে।
এই ঘটনার প্রভাব পড়তে পারে কার্সের ইংল্যান্ড দলে থাকা নিয়েও। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্টের স্কোয়াডে ছিলেন তিনি। তবে হেডিংলেতে প্রথম টেস্টে তাকে একাদশে রাখা হয়নি। সেই সুযোগেই ডারহামের হয়ে কাউন্টি ম্যাচ খেলতে গিয়েছিলেন ৩১ বছর বয়সী এই পেসার।
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার কথা ২৭ আগস্ট। তদন্ত চলার মধ্যে কার্স ইংল্যান্ডের স্কোয়াডে থাকবেন কি না, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এর আগে ইংল্যান্ড ক্রিকেটে নাইটক্লাব-সংক্রান্ত ঘটনায় বেন স্টোকস ও গাস অ্যাটকিনসনের নামও আলোচনায় এসেছিল। এবার সেই বিতর্কে কার্সের নাম যুক্ত হওয়ায় অস্বস্তিতে ইংল্যান্ড ক্রিকেট।
