Logo
Logo
×
   

খেলা

আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজের ‘গোপন মিটিং’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১১:১৫ এএম

আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজের ‘গোপন মিটিং’

আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। ফাইল ছবি

অ্যাটলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে জোর চেষ্টা চালাচ্ছে চেলসি। ইংলিশ ক্লাবটির আগ্রহের খবর আগেই সামনে এসেছিল। তবে এবার লন্ডন ক্লাবটি আলোচনাকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে।

ইতালিয়ান সাংবাদিক নিকোলো শিরার দাবি, গত বৃহস্পতিবার লন্ডনে অ্যাটলেটিকো মাদ্রিদের কর্মকর্তাদের সঙ্গে একটি গোপন মিটিং করেছেন আলভারেজ। বৈঠকে আলভারেজকে দলে নেওয়ার সম্ভাব্য চুক্তির শর্ত নিয়ে আলোচনা করেছে চেলসি। একই সময়ে অ্যাটলেটিকো চেলসির সেনেগালিজ ফরোয়ার্ড নিকোলাস জ্যাকসনকে দলে নেওয়ার বিষয়েও আলোচনা শুরু করেছে।

এর মধ্যেই আলভারেজকে নিয়ে নতুন খবর দিয়েছে ইউরোপিয়ান ট্রান্সফারভিত্তিক প্ল্যাটফর্ম টপস্কিলস স্পোর্টস ইউকে। তাদের দাবি, চেলসির মালিক টড বোহলি ও বেহদাদ এগবালি সরাসরি আলোচনার জন্য স্পেনে গিয়েছেন। অ্যাটলেটিকো কর্মকর্তাদের সঙ্গে আলভারেজের সম্ভাব্য দলবদল নিয়ে তারা আলোচনা করছেন। 

চেলসির অন্দরমহলে এই দলবদল নিয়ে আশাবাদ তৈরি হয়েছে। এমনকি আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে ব্যক্তিগত শর্ত নিয়েও সমঝোতা হয়ে গেছে বলে দাবি করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই চুক্তিটি সম্পন্ন করার চেষ্টা করছে লন্ডনের ক্লাবটি।

তবে চুক্তির সবচেয়ে বড় বাধা হতে পারে ট্রান্সফার ফি। অ্যাটলেটিকো আলভারেজের জন্য শুরুতে ১৫০ মিলিয়ন ইউরোর মূল্য নির্ধারণ করেছিল। তবে চেলসিতে যোগ দিলে সেই অঙ্ক কমিয়ে ১২০ মিলিয়ন ইউরোতে নামতে রাজি স্প্যানিশ ক্লাবটি। এখন চেলসি এমন একটি অর্থপ্রদানের কাঠামো তৈরি করতে চাইছে, যা সব পক্ষের জন্য গ্রহণযোগ্য হয়। 

আলভারেজকে নিয়ে চেলসির পাশাপাশি জোরালোভাবে চেষ্টা চালাচ্ছে আর্সেনালও। তবে অ্যাটলেটিকো সরাসরি প্রতিদ্বন্দ্বী ক্লাবের কাছে তাদের তারকাকে ছাড়তে কতটা আগ্রহী, সেটিই এখন বড় প্রশ্ন।

আলভারেজ নিজেও অ্যাটলেটিকো ছাড়তে আগ্রহী এবং নতুন চ্যালেঞ্জ নিতে চান বলে খবর। ফলে প্রিমিয়ার লিগে ফেরার সম্ভাবনা ক্রমেই জোরালো হচ্ছে।

বার্সেলোনার ক্ষেত্রে অবশ্য পরিস্থিতি ভিন্ন। তাদের কোনো প্রস্তাব বিবেচনা করার অবস্থায় নেই অ্যাটলেটিকো। তবে অন্যান্য ক্লাবের প্রস্তাব নিয়ে আলোচনা করতে প্রস্তুত তারা। আর সেই সুযোগটিই কাজে লাগিয়ে আলভারেজকে স্ট্যামফোর্ড ব্রিজে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে চেলসি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম