Logo
Logo
×
   

খেলা

চ্যাম্পিয়ন্স লিগ ড্র

চার পটে ভাগ হলো ৩৬টি দল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম

চার পটে ভাগ হলো ৩৬টি দল

দুই মৌসুম আগে চ্যাম্পিয়ন্স লিগে দলসংখ্যা ৩৬-এ উন্নীত হওয়ার পর প্রতিযোগিতার কাঠামোতেও এসেছে বড় পরিবর্তন। ২০২৬-২৭ মৌসুমের মূলপর্বে খেলার জন্য ৩৬টি দল চূড়ান্ত হয়েছে। গত পাঁচ মৌসুমে উয়েফার প্রতিযোগিতায় দলগুলোর পারফরম্যান্সের ভিত্তিতে তাদের চারটি পটে ভাগ করা হয়েছে। ড্রয়ে প্রতিটি দল চার পট থেকেই দুটি করে প্রতিপক্ষ পাবে।

আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় রাত ১০টায় মোনাকোর গ্রিমালদি ফোরামে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বের ড্র। বুধবার প্লে-অফের শেষ ম্যাচগুলোর পর মূলপর্বের শেষ চার দলও নিশ্চিত হয়েছে। নতুন ফরম্যাটে প্রতিটি দল লিগপর্বে মোট আটটি ম্যাচ খেলবে—চারটি ঘরের মাঠে এবং চারটি প্রতিপক্ষের মাঠে।

টানা দুই মৌসুম চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা পিএসজি রয়েছে পট-১-এ। তাদের সঙ্গে এই পটে আছে গত মৌসুমের ফাইনালে পিএসজির কাছে হেরে রানার্সআপ হওয়া আর্সেনাল। এছাড়া রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, লিভারপুল, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি, ইন্টার মিলান ও আতলেতিকো মাদ্রিদও প্রথম পটে রয়েছে।

দুই বছর পর আবারও চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের অবস্থান পট-২-এ। একই পটে রয়েছে গত মৌসুমের ইউরোপা লিগজয়ী অ্যাস্টন ভিলা। এ ছাড়া বরুসিয়া ডর্টমুন্ড ও এফসি পোর্তোর মতো সাবেক ইউরোপিয়ান চ্যাম্পিয়নরাও এই পটে রয়েছে।

পট-৩ ও পট-৪-এর কয়েকটি দলের মূলপর্ব নিশ্চিত হয়েছে একেবারে শেষ মুহূর্তে। বুধবার লিঁওকে দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে হারিয়ে ২০০৮-০৯ মৌসুমের পর প্রথমবার বাছাইপর্ব পেরিয়ে চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে উঠেছে ফেনারবাচে। পট-৩-এ তাদের সঙ্গে আছে গ্রিসের এএইকে এথেন্স। প্রথম লেগ গোলশূন্য ড্রয়ের পর দ্বিতীয় লেগে লেভস্কি সোফিয়াকে ৪-০ গোলে হারিয়ে ২০১৮-১৯ মৌসুমের পর প্রথমবার মূলপর্বে জায়গা করে নেয় তারা।

পট-৩-এর অন্যতম চ্যালেঞ্জিং দল হতে পারে নরওয়ের বোডো/গ্লিম্ট। গত মৌসুমে ম্যানচেস্টার সিটি, আতলেতিকো মাদ্রিদ ও ইন্টার মিলানের বিপক্ষে জয় তুলে নিয়ে শেষ ষোলোতে উঠেছিল তারা। এবারও বড় দলগুলোর জন্য নরওয়ের ক্লাবটি কঠিন প্রতিপক্ষ হয়ে উঠতে পারে।

এদিকে নরওয়ের আরেক দল ভাইকিং প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে। প্লে-অফে দিনামো জাগরেবকে দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলে হারিয়ে ইতিহাস গড়ে দলটি। বুধবার দ্বিতীয় লেগে ৩-১ গোলের জয় নিয়ে মূলপর্ব নিশ্চিত করে ভাইকিং, যাদের অবস্থান পট-৪-এ।

পট-৪-এ ভাইকিংয়ের সঙ্গে রয়েছে আরও তিন অভিষিক্ত দল—আজারবাইজানের সাবাহ, অস্ট্রিয়ার লাস্ক লিনজ ও ইতালির কোমো। কোমোর কোচ সাবেক চ্যাম্পিয়ন্স লিগ রানার্সআপ সেস্ক ফাব্রেগাস।

লিগপর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ আট দল সরাসরি শেষ ষোলোতে উঠবে। আর ৯ থেকে ২৪ নম্বরে থাকা দলগুলো নকআউট পর্বের প্লে-অফে মুখোমুখি হবে।

চ্যাম্পিয়ন্স লিগ লিগ পর্বের ড্রয়ের জন্য চূড়ান্ত পট

পট-১: পিএসজি (ফ্রান্স), বায়ার্ন মিউনিখ (জার্মানি), রিয়াল মাদ্রিদ (স্পেন), লিভারপুল (ইংল্যান্ড), ইন্টার মিলান (ইতালি), ম্যানচেস্টার সিটি (ইংল্যান্ড), আর্সেনাল (ইংল্যান্ড), বার্সেলোনা (স্পেন), অ্যাতলেটিকো মাদ্রিদ (স্পেন)
পট-২: বরুসিয়া ডর্টমুন্ড (জার্মানি), রোমা (ইতালি), স্পোর্টিং সিপি (পর্তুগাল), অ্যাস্টন ভিলা (ইংল্যান্ড), পোর্তো (পর্তুগাল), ম্যানচেস্টার ইউনাইটেড (ইংল্যান্ড), ক্লাব ব্রুগ (বেলজিয়াম), রিয়াল বেটিস (স্পেন), পিএসভি (নেদারল্যান্ডস)
পট-৩: ফেইনুর্দ (নেদারল্যান্ডস), লিলে (ফ্রান্স), বোডো/গ্লিম্ট (নরওয়ে), নাপোলি (ইতালি), আরবি লাইপজিগ (জার্মানি), ভিয়ারিয়াল (স্পেন), ফেনারবাচে (তুরস্ক), শাখতার দোনেৎস্ক (ইউক্রেন), গালাতাসারাই (তুরস্ক)
পট-৪: স্লাভিয়া প্রাগ (চেকিয়া), স্লোভান ব্রাতিস্লাভা (স্লোভাকিয়া), স্টুটগার্ট (জার্মানি), এএইকে এথেন্স (গ্রিস), লাস্ক (অস্ট্রিয়া), কোমো (ইতালি), লঁস (ফ্রান্স), ভাইকিং (নরওয়ে), সাবাহ (আজারবাইজান)

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম