Logo
Logo
×
   

খেলা

ওয়ানডে বিশ্বকাপের নতুন ফরম্যাটে ক্ষুব্ধ সাবেক অজি অধিনায়ক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৪:০৮ পিএম

ওয়ানডে বিশ্বকাপের নতুন ফরম্যাটে ক্ষুব্ধ সাবেক অজি অধিনায়ক

বিশ্বকাপের মঞ্চে যত বেশি দেশ অংশ নেবে, ক্রিকেটের বৈশ্বিক বিস্তার ততই বাড়বে—এমনটাই মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ। তাই ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে দলসংখ্যা ১৪ থেকে কমিয়ে ১২ করার আইসিসির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন ১৯৯৯ বিশ্বকাপজয়ী এই অজি কিংবদন্তি। একই সঙ্গে বাছাইপর্বের নতুন কাঠামো নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। প্রথমে ১৪ দল নিয়ে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা থাকলেও পরে অংশগ্রহণকারী দলের সংখ্যা কমিয়ে ১২ করা হয়। নতুন নিয়মে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপের মূলপর্বে জায়গা পাবে। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সঙ্গে মিলে মোট ১০টি দল সরাসরি মূলপর্ব নিশ্চিত করবে।

বাকি দুটি দলকে জায়গা করে নিতে হবে বাছাইপর্ব পেরিয়ে। বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল পাবে ১১তম টিকিট। এরপর ১২ থেকে ১৪ নম্বরে থাকা দলগুলোর মধ্যকার ত্রিদেশীয় সিরিজের বিজয়ী দল বিশ্বকাপের শেষ স্থানটি নিশ্চিত করবে।

আইসিসির এই পরিকল্পনা মোটেও পছন্দ হয়নি স্টিভ ওয়াহর। দ্য টেলিগ্রাফ-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বিশ্বকাপে দলসংখ্যা কমিয়ে আনা ক্রিকেটকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যের সঙ্গে সাংঘর্ষিক। তার মতে, এটি ক্রিকেটকে সামনে এগিয়ে নেওয়ার বদলে ‘পেছনের দিকে চলার প্রক্রিয়া’।

ফুটবল বিশ্বকাপের উদাহরণ টেনে ওয়াহ বলেন, ফিফা যেখানে বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করেছে, সেখানে ক্রিকেটে উলটো দল কমানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তার প্রশ্ন, ১৪ দল থেকে ১২ দলে নামিয়ে আনার প্রয়োজনটাই বা কী?

ওয়াহর মতে, ক্রিকেটকে সত্যিকার অর্থে বৈশ্বিক খেলায় পরিণত করতে হলে সহযোগী ও উদীয়মান দেশগুলোকে বড় টুর্নামেন্টে আরও বেশি সুযোগ দিতে হবে। শক্তিশালী দলগুলোর বিপক্ষে নিয়মিত খেলার সুযোগ পেলেই এসব দেশের ক্রিকেটার ও দল নিজেদের মান উন্নত করতে পারবে বলে মনে করেন তিনি।

২০২৭ বিশ্বকাপের নতুন কাঠামো নিয়ে আপত্তি জানানো ব্যক্তিদের তালিকায় এবার যুক্ত হলেন স্টিভ ওয়াহ। এর আগে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের ক্রিকেট বোর্ডও আইসিসির এই সিদ্ধান্তে প্রকাশ্যে হতাশা প্রকাশ করেছিল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম