Logo
Logo
×
   

খেলা

২০২৭ বিশ্বকাপ খেলতে রোহিতের সামনে যে কঠিন পরীক্ষা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৫:৫৯ পিএম

২০২৭ বিশ্বকাপ খেলতে রোহিতের সামনে যে কঠিন পরীক্ষা

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে ভারতের হয়ে মাঠে নামার ইচ্ছার কথা আগেই জানিয়েছেন রোহিত শর্মা। তবে সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে বয়সের সঙ্গে পাল্লা দিয়ে নিজেকে ফিট রাখার বড় চ্যালেঞ্জ নিতে হবে তাকে।

অভিজ্ঞতা ও প্রতিভা থাকলেও নিয়মিত অনুশীলন, শারীরিক সক্ষমতা ধরে রাখা এবং মানসিকভাবে প্রস্তুত থাকাই হতে পারে বিশ্বকাপে ফেরার প্রধান শর্ত। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহর মতে, শেষ সিদ্ধান্ত নিতে হবে রোহিতকেই।

সম্প্রতি স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টিভ ওয়াহ বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে রান করার মতো প্রতিভা রোহিতের রয়েছে—এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে বয়স বাড়ার সঙ্গে শুধু প্রতিভার ওপর নির্ভর করে বিশ্বকাপের মতো বড় আসরে জায়গা করে নেওয়া কঠিন। এর জন্য প্রয়োজন শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত থাকা।

স্টিভ ওয়াহ আরও বলেন, এই বয়সে প্রতিদিন কঠোর অনুশীলন করা এবং প্রয়োজনীয় ত্যাগ স্বীকার করার মতো মানসিকতা রোহিতের রয়েছে কি না, সেটি সবচেয়ে ভালো বলতে পারবেন রোহিত নিজেই।

টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ওয়ানডেতে নিজের ক্যারিয়ার চালিয়ে যাচ্ছেন রোহিত। ২০২৭ বিশ্বকাপে অংশ নিয়ে ভারতের হয়ে শিরোপা জেতার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। চলতি বছরের জুলাইয়ে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে দুর্দান্ত ব্যাটিং করে ১১০ বলে ১৩৮ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেছিলেন ভারতীয় এই ওপেনার।

ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসেও রোহিতের রয়েছে উল্লেখযোগ্য রেকর্ড। ভারতের হয়ে বিশ্বকাপে তার সংগ্রহ ১ হাজার ৫৭৫ রান, পাশাপাশি রয়েছে সর্বোচ্চ ৭টি সেঞ্চুরি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম