Logo
Logo
×
   

খেলা

অনুকরণীয় কাজে অঁরিকে, মানবিক আচরণে মার্কিনিয়োসকে উয়েফার পুরস্কার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৬:৩৬ পিএম

অনুকরণীয় কাজে অঁরিকে, মানবিক আচরণে মার্কিনিয়োসকে উয়েফার পুরস্কার

ফ্রান্সের সাবেক তারকা ফরোয়ার্ড থিয়েরি অঁরি ও পিএসজির ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিয়োস। ছবি: সংগৃহীত

২০২৬-২৭ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার রাতে। যেখানে ফ্রান্সের সাবেক তারকা ফরোয়ার্ড থিয়েরি অঁরি ২০২৬ উয়েফা প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড জিতেছেন। তার ওই পুরস্কার পরিচিত হলেও, নতুন একটি পুরস্কার উঠেছে পিএসজির ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিয়োসের হাতে।

আর্সেনালের সাবেক ফরাসি তারকা থিয়েরি অঁরি আধুনিক স্ট্রাইকারের সংজ্ঞাই যেন নতুন করে লিখেছিলেন। তিনি শুধু সুযোগসন্ধানী গোলস্কোরার ছিলেন না, ছিলেন দুর্দান্ত গতিসম্পন্ন, সৃজনশীল এক প্লেমেকার এবং প্রায় অনায়াসেই গোল করতে ও সতীর্থদের দিয়ে গোল করাতে পারতেন। আর্সেনালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এবং ‘ইনভিন্সিবলস’ দলের অন্যতম স্থপতি অঁরি।

যদিও সাবেক ফরাসি এই তারকা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন বার্সেলোনার হয়ে। এ ছাড়া ফ্রান্সের হয়ে জিতেছেন ইউরো ও বিশ্বকাপ। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তিনি ৪১১ গোল করেছেন। মাঠের বাইরেও অঁরি ফুটবল বিশ্বের অন্যতম ‘শ্রদ্ধেয়’ কণ্ঠ হয়ে উঠেছেন। ম্যাচ বিশ্লেষণে তার গভীরতা ও নিখুঁততা এতটাই বেশি যে তাকে সাবেক খেলোয়াড়ের চেয়ে বরং ফুটবলের একজন দার্শনিক বলেই মনে হয়। তার অকপট বক্তব্য বর্তমান ও সাবেক খেলোয়াড়, কোচ এবং সমর্থকদের কাছেও সমানভাবে গ্রহণযোগ্য।  

১৯৯৮ সাল থেকে উয়েফার বার্ষিক প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড খেলাধুলার গণ্ডি ছাড়িয়ে যাওয়া অসাধারণ অর্জনকে স্বীকৃতি দিয়ে আসছে। সেটাই উঠল এবার থিয়েরি অঁরির হাতে। এখন পর্যন্ত ব্যক্তিগতভাবে ২৬ তারকা ফুটবলার এবং সাংগঠনিকভাবে কোপেনহেগেন ২০২০ ইউরো মেডিকেল দল এই পুরস্কার জিতেছে। 

অন্যদিকে, চলতি বছর থেকে উয়েফা ‘রেসপেক্ট: বিয়ন্ড দ্য গেম’ নামে আরেকটি পুরস্কার চালু করেছে। খেলাধুলার গণ্ডি ছাড়িয়ে মানবিক আচরণের স্বীকৃতি হিসেবে উয়েফার নতুন এই পুরস্কারের প্রথম বিজয়ী পিএসজি অধিনায়ক মার্কিনিয়োস। 

ইউরোপীয় ফুটবলের অন্যতম আবেগঘন মুহূর্তে প্রতিযোগিতার ঊর্ধ্বে মানবিকতাকে স্থান দেওয়ার জন্য প্যারিস সাঁ-জার্মাঁর (পিএসজি) অধিনায়ক মারকিনিয়োসকে প্রথমবারের মতো ‘রেসপেক্ট: বিয়ন্ড দ্য গেম’ অ্যাওয়ার্ড দিয়েছে উয়েফা। ২০২৬ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে জয়ের পরপরই এই ব্রাজিল তারকা প্রতিদ্বন্দ্বিতার সীমারেখা পেরিয়ে নিজের সতীর্থ ব্রাজিলিয়ান ও প্রতিপক্ষ আর্সেনালের ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েসকে সান্ত্বনা দিতে এগিয়ে যান। ম্যাচের টাইব্রেকারে তার পেনাল্টি মিসই মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটির ভাগ্য নির্ধারণ করেছিল। 

ওই সময়ে পিএসজি অধিনায়ক সতীর্থদের সঙ্গে উদযাপনে যোগ না দিয়ে কঠিনতম মুহূর্তে থাকা ওই পেশাদার খেলোয়াড়ের পাশে দাঁড়ান। ‘রেসপেক্ট: বিয়ন্ড দ্য গেম’ পুরস্কারটি ইউরোপীয় ফুটবলে সহমর্মিতা, মর্যাদা, সংহতি ও সম্মানের প্রতিফলন ঘটানো কর্মকাণ্ডের জন্য প্রবর্তিত নতুন বার্ষিক সম্মাননা। গত দুই দশক ধরে ইউরোপীয় ফুটবলে ইতিবাচক মূল্যবোধ প্রচার করে আসা ‘রেসপেক্ট’ প্ল্যাটফর্মের অধীনে এই পুরস্কার চালু করা হয়েছে। প্রতি বছর উয়েফার সব প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড়, কোচ, কারিগরি স্টাফ, ম্যাচ কর্মকর্তা এবং সমর্থকরা এই পুরস্কারের জন্য বিবেচিত হবেন। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম