বাবরকে ‘সোশ্যাল মিডিয়ার খেলোয়াড়’ বলে কটাক্ষ পাকিস্তানের সাবেক ক্রিকেটারের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৪:২২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে পাকিস্তানের বড় ব্যবধানে পরাজয়ের পর অধিনায়ক বাবর আজমের পারফরম্যান্স নিয়ে তীব্র সমালোচনা করেছেন দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলী। তার দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা থাকলেই কোনো ক্রিকেটারকে বড় খেলোয়াড় বলা যায় না; দলের কঠিন সময়ে ব্যাট হাতে কার্যকর ভূমিকা রাখার সক্ষমতাও থাকতে হয়।
লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছেন বাবর। প্রথম ইনিংসে ৮ রানের পর দ্বিতীয় ইনিংসে তিনি আউট হয়েছেন মাত্র ৬ রান করে। তার এই ব্যর্থতার পরই বাবরকে নিয়ে সরব হন বাসিত।
‘দ্য গেমপ্ল্যান শো’তে সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার বলেন, ‘বড় খেলোয়াড় কাকে বলে? মজিদ খান, জহির আব্বাস, জাভেদ মিয়াঁদাদ, ইনজামাম-উল-হক, ইউনিস খান ও সাঈদ আনোয়ার, তারা এমনি এমনি কিংবদন্তি হয়ে যাননি। বিপদের দিনে যারা কাণ্ডারি হতে পারেন না, তাদের বড় খেলোয়াড় বলে লাভ কী? আপনার বড়ত্ব কি শুধু সোশ্যাল মিডিয়ায়? ভক্তদের পছন্দের তালিকায়?’
টেস্ট ক্রিকেটে বাবরের দীর্ঘদিনের সেঞ্চুরি-খরাও বাসিত আলীর অসন্তোষের অন্যতম কারণ। ২০২২ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬১ রানের ইনিংস খেলার পর থেকে টেস্টে আর তিন অঙ্কের দেখা পাননি পাকিস্তানের এই ব্যাটার।
বাবরের উদ্দেশে বাসিত বলেন, ‘আর কবে সেঞ্চুরিটা করবে? এটা সত্যিই কষ্টের। যখন পুরো দেশের ব্যাটিং লাইনআপ তোমার দিকে তাকিয়ে থাকে, অন্তত অমন একটা শট খেলে আউট হওয়া তো তোমার সাজে না।’
বাবরের পাশাপাশি পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের আউটের ধরন নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন বাসিত। রিজওয়ানের শটকে পাড়ার ক্রিকেটের সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘রিজওয়ান ওটা কী শট খেলল? কোনো সাধারণ জ্ঞান কি ওর অবশিষ্ট নেই? ও কি টেস্ট ম্যাচ খেলছে, নাকি পাড়ার মোড়ের ক্রিকেট?’

