Logo
Logo
×
   

খেলা

‘আমি অনেক কিছু জানি, বলতে পারব না’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৬:৫৯ পিএম

‘আমি অনেক কিছু জানি, বলতে পারব না’

গত ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ ক্রিকেট দল। টাইগাররা খেলতে না যাওয়ায় বিশ্বকাপে খেলেছে স্কটল্যান্ড। ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার।

বিশ্বকাপ না খেলা প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, ‘মোস্তাফিজকে আইপিএলে নেওয়ার পরও বাদ দেওয়ার বিষয়টি সঠিক হয়নি। তাকে বাদ দেওয়ায় পুরো দেশই হতাশ হয়েছিল। এই বিষয়টি আমরা আলোচনা করে আরও ভালোভাবে সমাধান করতে পারতাম।’

তামিম আরও জানিয়েছেন, ‘বিশ্বকাপে বাংলাদেশ প্রথমবার জায়গা করে নেওয়ার সময় দেশের প্রতিটি মানুষ কীভাবে উদ্‌যাপন করেছিল, তা আমরা সবাই দেখেছি। এখন হয়তো প্রতি দুই বছর পরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়, কিন্তু এটি একটি বিশ্বকাপ, যেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার কথা ছিল। তাই আমার মনে হয়, আমরা বিষয়টি আরও ভালোভাবে সামলাতে পারতাম। শুরু থেকেই আমরা এমন একটি পর্যায়ে চলে গিয়েছিলাম, যেখান থেকে আর ফিরে আসার সুযোগ ছিল না।’

বিসিবি সভাপতির মতে, ‘আমার কথা হলো, যা-ই হোক, যা-ই ঘটুক, কে কোন দেশে যাচ্ছে, কোন দেশে ম্যাচ হওয়া উচিত, এসব বিস্তারিত বিষয়ে আমি যাচ্ছি না। আমি মনে করি, কিছু ক্ষেত্রে আমাদের খেলাধুলাকে খেলাধুলা হিসেবেই বিবেচনা করা উচিত। দুর্ভাগ্যজনকভাবে, আমরা অনেক সময় এই সীমার মধ্যে থাকি না ‘

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘আমরা প্রায়ই খেলাধুলার সঙ্গে অন্য বিষয়গুলোও টেনে নিয়ে আসি। আমাদের অবশ্যই বিশ্বকাপে খেলা উচিত ছিল। আমাদের অবশ্যই আরও ভালোভাবে আলোচনা-সমঝোতা করা উচিত ছিল। যদিও আমি অনেক কিছু জানি, তারপরও সেগুলোর অনেক কিছু আমি বলতে পারব না।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম