Logo
Logo
×
   

খেলা

ফের চোটের ধাক্কা হার্দিকের, আফগানিস্তান সিরিজ অনিশ্চিত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পিএম

ফের চোটের ধাক্কা হার্দিকের, আফগানিস্তান সিরিজ অনিশ্চিত

চোটের কারণে দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রস্তুতির মাঝেই আবারও পায়ে অস্বস্তি দেখা দেওয়ায় তার প্রত্যাবর্তন নিয়ে তৈরি হয়েছে নতুন শঙ্কা। ফলে আসন্ন আফগানিস্তান সিরিজে তাকে পাওয়া নিয়ে বিপাকে পড়েছে ভারতীয় দল।

বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্সে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছিলেন হার্দিক। সবকিছু ঠিক থাকলে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা ছিল তার। কিন্তু শেষ মুহূর্তে পায়ে অস্বস্তি দেখা দেওয়ায় সেই পরিকল্পনায় বড় ধাক্কা লেগেছে। সিরিজে তার খেলার সম্ভাবনা এখন প্রায় নেই বললেই চলে।

হার্দিকের এই নতুন সমস্যার প্রভাব পড়তে পারে আসন্ন এশিয়ান গেমসেও। বেঙ্গালুরুতে রিহ্যাবের সময় ধাপে ধাপে বেশ কয়েকটি ফিটনেস পরীক্ষায় সফল হয়েছিলেন তিনি। এমনকি বোলিংও পুরোদমে করছিলেন। কিন্তু সম্প্রতি পায়ে অস্বস্তি ফিরে আসায় তাকে আপাতত বোলিং থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিসিসিআইয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে, হার্দিকের বোলিংয়ে এর আগে কোনো সমস্যা ছিল না। তবে নতুন করে পায়ে অস্বস্তি দেখা দেওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বোলিং বন্ধ রাখা হয়েছে। খুব শিগগিরই তিনি আবার বোলিং শুরু করতে পারেন। কিন্তু আফগানিস্তান সিরিজ শুরু হতে বেশি সময় বাকি না থাকায় প্রয়োজনীয় ম্যাচ ফিটনেস অর্জন করা তার জন্য কঠিন হয়ে উঠতে পারে।

১৩ সেপ্টেম্বর দিল্লিতে শুরু হওয়ার কথা আফগানিস্তানের বিপক্ষে ভারতের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। চলতি সপ্তাহেই এই সিরিজের জন্য দল ঘোষণা করতে পারেন নির্বাচকেরা। তাই ঠিক এই সময়ে হার্দিকের চোট ভারতীয় অলরাউন্ডারের জন্য বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।

ব্যাটিং ও মাঠে চলাফেরার ক্ষেত্রে অবশ্য হার্দিকের বড় কোনো সমস্যা নেই। তবে আন্তর্জাতিক ক্রিকেটের চাপ সামলানোর মতো পুরোপুরি প্রস্তুত কি না, তা নিশ্চিত হওয়ার পরই তাকে মাঠে ফেরাতে চায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

৩২ বছর বয়সি হার্দিক সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন ২৪ মে। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সেই ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। ভারতের হয়ে তার সর্বশেষ ম্যাচ ছিল ৮ মার্চ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। নতুন করে চোটের সমস্যা দেখা দেওয়ায় এশিয়ান গেমসে তার অংশগ্রহণও এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

তবে আফগানিস্তান সিরিজের আগে ভারতীয় শিবিরে কিছুটা স্বস্তি ফিরেছে। পেসার-অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি ফিট হয়ে উঠেছেন। একই সঙ্গে স্পিনিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরও সিরিজের আগে ম্যাচ খেলার মতো ফিট হয়ে উঠতে পারেন। তবে তারকা পেসার জশপ্রীত বুমরাহর এই সিরিজে খেলার সম্ভাবনা খুবই কম বলে জানা গেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম