আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রুডিগার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না জার্মানির অভিজ্ঞ ডিফেন্ডার অ্যান্টোনিও রুডিগারকে। ৩৩ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন রিয়াল মাদ্রিদের এই তারকা।
২০১৪ সালে জার্মান জাতীয় দলে অভিষেকের পর দীর্ঘ ১২ বছরের ক্যারিয়ারে ৮৬টি ম্যাচ খেলেছেন রুডিগার। এ সময়ে তার নামের পাশে রয়েছে তিনটি গোল। জার্মানির হয়ে ছয়টি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টেও অংশ নিয়েছেন তিনি। ২০১৭ সালে কনফেডারেশনস কাপজয়ী জার্মান দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই ডিফেন্ডার।
বিদায়বার্তায় নিজের সিদ্ধান্তের কারণ জানিয়ে রুডিগার বলেন, ‘অনেক ভেবেছি। এখন জাতীয় দলে ক্যারিয়ার শেষ করে তরুণদের জন্য জায়গা করে দেওয়ার সময় এসেছে। ২০১৪ সালে প্রথমবার জার্মানির জার্সি পরার সময় স্বপ্নেও ভাবিনি, একদিন ৮৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলব।’
জাতীয় দলের অধ্যায় শেষ করে এবার ক্লাব ফুটবলে পুরোপুরি মনোযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে রুডিগারের। নিজের ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, ‘এখন আমার জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে। যেখানে পুরোপুরি ক্লাবের দিকে মনোযোগ দেব।’

