‘তুমি সারা বিশ্বের লাখো শিশুর অনুপ্রেরণা’, মেসির অবসরে বেকহ্যাম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ এএম
আর্জেন্টাইন মহাতারকা লিওনেরল মেসি ও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যাম।
|
ফলো করুন |
|
|---|---|
মেসির আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণার পর বিশ্বজুড়ে ফুটবলপ্রেমী, সাবেক ও বর্তমান তারকাদের কাছ থেকে আসছে শ্রদ্ধা ও ভালোবাসার বার্তা। সেই তালিকায় যোগ দিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যামও। আর্জেন্টাইন মহাতারকার বর্ণাঢ্য ক্যারিয়ারের প্রশংসা করে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বেকহ্যাম বলেন, মেসি শুধু আর্জেন্টিনাকেই নয়, পুরো বিশ্বের ফুটবলপ্রেমীদের অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন। তার অর্জন, নেতৃত্ব এবং মাঠের জাদু ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
বেকহ্যাম লেখেন, ‘এখন সময় পেছনে ফিরে তাকানোর এবং উপলব্ধি করার, স্বপ্ন নিয়ে পথচলা শুরু করা এক তরুণের অসাধারণ যাত্রার সাক্ষী হতে পেরে আমরা কতটা সৌভাগ্যবান ছিলাম।’
তিনি আরও বলেন, ‘লিও, তুমি তোমার দেশ, পরিবার এবং নিজেকে গর্বিত করেছ। বছরের পর বছর ধরে তুমি যে মানদণ্ড স্থাপন করেছ এবং যেভাবে নেতৃত্ব দিয়েছ, তা শুধু আর্জেন্টিনার নয়, বিশ্বের কোটি কোটি শিশুকে অনুপ্রাণিত করেছে।’
২০০৫ সালে আর্জেন্টিনার জার্সিতে আন্তর্জাতিক অভিষেক হয় মেসির। এক বছর পরই খেলেন নিজের প্রথম বিশ্বকাপ। জার্মানিতে অনুষ্ঠিত ২০০৬ বিশ্বকাপে একটি গোলও করেন তিনি। ২০১০ বিশ্বকাপে গোলশূন্য থাকলেও ২০১৪ সালে দলকে নেতৃত্ব দিয়ে বিশ্বকাপের ফাইনালে তুলেছিলেন। তবে অতিরিক্ত সময়ে জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় আর্জেন্টিনার।
২০১৮ বিশ্বকাপেও শিরোপার দেখা পাননি মেসি। তবে ২০২২ সালে কাতারে ইতিহাস গড়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটান তিনি। ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পাশাপাশি নিজের ক্যারিয়ারের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফিও হাতে তোলেন।
২০২৬ বিশ্বকাপে টানা দ্বিতীয় শিরোপা জয়ের সুযোগ থাকলেও ফাইনালে স্পেনের কাছে হেরে যায় আর্জেন্টিনা। এরপরই আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন মেসি এবং আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন।
আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচে ১২৫ গোল করে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেছেন এই কিংবদন্তি। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। ২৩৩ ম্যাচে ১৪৬ গোল নিয়ে শীর্ষে আছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
জাতীয় দলের অধ্যায় শেষ হলেও ক্লাব ফুটবলে আপাতত বিদায়ের ইঙ্গিত নেই মেসির। বর্তমানে ইন্টার মায়ামির হয়ে খেলা ৩৯ বছর বয়সী এই তারকা আরও কিছু সময় মাঠে থেকে সমর্থকদের মুগ্ধ করার সুযোগ পাচ্ছেন।

-6a97a5366791f.jpg)