নেইমারের জার্সি উপহার পেয়ে সমর্থকদের হেনস্থার শিকার শিশু
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ এএম
নেইমারের জার্সি পেয়ে স্বপ্নপূরণের আনন্দে ভেসেছিল এক খুদে ভক্ত।
|
ফলো করুন |
|
|---|---|
নেইমারের দেওয়া একটি জার্সি পেয়ে স্বপ্নপূরণের আনন্দে ভেসেছিল আট বছরের এক খুদে ভক্ত। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই পরিণত হয় তিক্ত অভিজ্ঞতায়। করিন্থিয়ান্স ও সান্তোসের ম্যাচ শেষে ব্রাজিলিয়ান তারকা নেইমারের কাছ থেকে জার্সি পাওয়ার কারণে সমর্থকদের একাংশের রোষানলে পড়তে হয় তাকে ও তার পরিবারকে।
ব্রাজিলে নেইমার অত্যন্ত জনপ্রিয় হলেও ওই ম্যাচে তিনি ছিলেন প্রতিপক্ষ দল সান্তোসের খেলোয়াড়। ফলে করিন্থিয়ান্সের সমর্থকদের অনেকেই বিষয়টি ভালোভাবে নেননি। জার্সি পাওয়ার পর শিশুটিকে ঘিরে কটূক্তি ও হয়রানির ঘটনা ঘটে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, তাকে ও তার পরিবারকে পুলিশি নিরাপত্তায় স্টেডিয়াম ছাড়তে হয়।
স্থানীয় সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, মাঠ ছাড়ার সময় টানেল দিয়ে খেলোয়াড়দের ড্রেসিংরুমের দিকে যাওয়ার পথেও শিশুটি ও তার পরিবারের উদ্দেশে গালিগালাজ করতে থাকেন কিছু সমর্থক।
ঘটনার পর সোমবার এক বিবৃতিতে তীব্র নিন্দা জানিয়েছে করিন্থিয়ান্স কর্তৃপক্ষ। ক্লাবটি জানায়, মাঠে কিংবা মাঠের বাইরে কোনো অবস্থাতেই সীমা অতিক্রম করা গ্রহণযোগ্য নয়। বিশেষ করে একটি শিশুর প্রতি এমন আগ্রাসী আচরণ কখনোই সমর্থনযোগ্য হতে পারে না। ফুটবলের প্রতিদ্বন্দ্বিতা, ক্লাবপ্রেম বা আবেগ কখনোই সম্মান, শিষ্টাচার ও নিরাপত্তার ঊর্ধ্বে যেতে পারে না।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ভুক্তভোগী শিশুটির বয়স মাত্র আট বছর। রোববারের ম্যাচে সান্তোস ১-০ গোলে জয় পায়। ঘটনার বিষয়ে দুঃখ প্রকাশ করে নেইমার বলেন, ভিন্ন দলের কোনো খেলোয়াড়কে পছন্দ করা একটি শিশুর জন্য অপরাধ হতে পারে না। একটি শিশুর সঙ্গে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

-6a97a9d99641a.jpg)