|
ফলো করুন |
|
|---|---|
আসন্ন বিগ ব্যাশ লিগে (বিবিএল) বেন স্টোকসকে দেখা যেতে পারে একেবারে ভিন্ন ভূমিকায়। অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে এবার ইনিংসের শুরুতে ব্যাট করতে নামার সম্ভাবনা রয়েছে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডারের।
মঙ্গলবার স্টোকসের সঙ্গে এক বছরের চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে অ্যাডিলেড। পুরো মৌসুমে ইংলিশ অলরাউন্ডারকে পাওয়ার সুযোগ থাকায় উচ্ছ্বসিত কোচ টিম পেইন। তার মতে, ব্যাটিংয়ের পাশাপাশি নেতৃত্ব এবং দলের অন্যান্য ক্ষেত্রেও স্টোকস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
স্টোকসকে দলে টানতে অবশ্য কম চেষ্টা করতে হয়নি অ্যাডিলেডকে। পেইন জানিয়েছেন, ইংলিশ তারকার স্বাক্ষর পেতে বেশ কয়েকটি দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে তাদের এবং তাকে পাওয়ার দৌড়ে তারা যথেষ্ট আগ্রাসী ছিল।
গত মৌসুমে অ্যাডিলেডের নিয়মিত ওপেনিং জুটি ছিল ম্যাট শর্ট ও ক্রিস লিন। তবে লিন এখনো নতুন চুক্তি পাননি। তিনি আবারও দলে ফিরলেও ওপেনিংয়ে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আর সেই জায়গায় স্টোকসকে খেলানোর পরিকল্পনাই করছেন পেইন।
তিনি বলেন, ‘স্টোকস আমাদের অনেক বিকল্প দিচ্ছে। শুরুতে তাকে কীভাবে ব্যবহার করা যায়, তা নিয়ে আমার ভাবনা- সম্ভবত ওপেনিংয়ে। বিগ ব্যাশে ওপেন করার জন্য সে আদর্শ। অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সি উইকেটও তার ব্যাটিংয়ের সঙ্গে ভালোভাবে মানিয়ে যায়।’
টি-টোয়েন্টিতে স্টোকস অবশ্য নিয়মিত ওপেনার নন। ১৪৮ ইনিংসের মধ্যে মাত্র ১৬ বার ইনিংসের সূচনা করেছেন তিনি। তবে পরিসংখ্যান বলছে, ওপেনার হিসেবেই তার গড় ও স্ট্রাইক রেট সবচেয়ে ভালো। এই পজিশনে করা দুটি টি-টোয়েন্টি সেঞ্চুরির একটি এসেছে ওপেনিংয়ে ব্যাট করে।
টি-টোয়েন্টিতে স্টোকসের বেশির ভাগ সময় কেটেছে তিন, চার কিংবা পাঁচ নম্বরে ব্যাট করে। তার সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ ছিল ২০২৪ সালের দ্য হান্ড্রেডে।
তবে এসব তথ্য স্টোকসকে ওপেন করানোর ক্ষেত্রে কোনো সমস্যা দেখছেন না পেইন। বরং ইংলিশ অলরাউন্ডারের বহুমুখী ব্যাটিং সামর্থ্যই তাকে এই দায়িত্বের জন্য উপযুক্ত করে তুলেছে বলে মনে করেন তিনি।
তার ভাষ্য, ‘সে অসাধারণভাবে ওপেন করতে পারবে। স্বাভাবিক খেলাটা খেলতে খেলতেই হঠাৎ গতি বাড়িয়ে দিতে পারে। তার হাতে অসাধারণ শক্তি আছে। ব্যাটিং দক্ষতা, স্পিন খেলার সামর্থ্য- সব মিলিয়ে সে পরিপূর্ণ, বিশ্বমানের ব্যাটার। আমাদের মনে হয়, দলের জন্য ওপেনিংটাই সবচেয়ে ভালো ভূমিকা।’
অ্যাডিলেড স্ট্রাইকার্সের পরিকল্পনা বাস্তবায়িত হলে আসন্ন বিগ ব্যাশে স্টোকসকে দেখা যাবে নতুন এক ভূমিকায়। ইনিংসের শুরুতেই ব্যাট হাতে প্রতিপক্ষের বোলিং আক্রমণে ঝড় তোলার দায়িত্ব থাকবে ইংলিশ তারকার কাঁধে।

-6a97d26bb5bf1.jpg)